ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে রিকশাচালকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:২৮, ৩১ আগস্ট ২০২২
পঞ্চগড়ে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে রিকশাচালকের কারাদণ্ড
কারাদণ্ডপ্রাপ্ত রিকশাচালক

পঞ্চগড়ে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মো জয়নাল নামে এক রিকশাচালককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (৩১ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক এ কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত রিকশাচালকের বাড়ি সদর উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়নের দফাদার পাড়া এলাকায়। তিনি ওই এলাকার বাবুল হোসেনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জয়নাল নামে ওই রিকশাচালক গত ২৪ আগস্ট পঞ্চগড় শহরের করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে জেলা শহরের বাসা থেকে স্কুলে পৌঁছে দেওয়ার পথে শ্লীলতাহানি করে। পরে বুধবার (৩১ আগস্ট) ওই রিকশাচালক আবারো ওই ছাত্রীকে একইভাবে শ্লীলতাহানি করে।

Advertisement

পরে ওই স্কুল ছাত্রী বিষয়টি তার মাকে জানালে পরিবারের সদস্যরা রিকশাচালক জয়নালকে খুঁজে বের করে করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনের সামনে নিয়ে আসে। পরে এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে মৌখিক অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার।

পরে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওই রিকশাচালক গত ২৪ আগস্ট ও ৩১ আগস্ট স্কুলছাত্রীকে শ্লীলতাহানির বিষয়টি ভ্রাম্যমাণ আদালতে স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক রিকশাচালক মো জয়নালকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ সময় সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া, সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদসহ সদর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক বলেন, এ দণ্ড সমাজের অসৎ মানসিকতার মানুষের জন্য একটি বার্তা। আমরা নিজেরা সচেতন থাকি। আমাদের সন্তানদেরও সচেতন করি শ্লীলতাহানির বিরুদ্ধে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!