কাঁঠাল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কিশোরের
লালমনিরহাটের হাতীবান্ধায় কাঁঠাল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হাসানুর রহমান নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোতামারী ইউপির দইখাওয়া মধ্য পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসানুর উপজেলার দইখাওয়া মধ্যপাড়া এলাকার ইমান আলীর ছেলে।
আরো পড়ুন >>> প্রতিবেশীর সন্তান দেখিয়ে শিক্ষিকা মাতৃত্বকালীন ছুটিতে
.png)
প্রত্যক্ষদর্শী শাহিনুর ইসলাম বলেন, পাতা পাড়ার জন্য কাঁঠাল গাছে ওঠে হাসানুর। ওই গাছের পাশেই ছিলো ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের তার। এ সময় সে একটি গাছের ডাল কাটে। গাছের ডালটি সেই তারের ওপর পড়ার সঙ্গে সঙ্গে সে গাছ থেকে ছিটকে পড়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোতামারী ইউপি চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গাছ থেকে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পায়। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যান।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শহিদুল ইসলাম বলেন, ওই কিশোরকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।