ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যুবককে গলা কেটে হত্যা: ২ জনের আমৃত্যু কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৮, ৪ সেপ্টেম্বর ২০২২
যুবককে গলা কেটে হত্যা: ২ জনের আমৃত্যু কারাদণ্ড
দণ্ডিতদের কারাগারে পাঠায় আদালত

কুষ্টিয়ার খোকসায় নজরুল ইসলাম ওরফে লতিফ হত্যা মামলায় দুজনকে আমৃত্যু ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

আমৃত্যু দণ্ডিতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার ধুনচি গ্রামের ফয়েজ শেখের ছেলে ৩৭ বছর বয়সী মজিবর শেখ ও কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার তোফাজ্জেল আলীর ছেলে ফজলু। যাবজ্জীবনপ্রাপ্ত ৪৬ বছরের খুশি বেগম কুষ্টিয়ার খোকসা উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মজনু শেখের স্ত্রী।

Advertisement

মামলার বিবরণ দিয়ে আদালতের পিপি অনুপ কুমার নন্দী জানান, ২০১৩ সালের ১৬ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক নজরুল ইসলাম যাত্রী বহনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। বিকেলে তিনি নিখোঁজ হন। পরদিন দুপুর ১টার দিকে খোকসা উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মাঠে পাটক্ষেতের মধ্যে নজরুলের মাথাবিহীন লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন তিনজনের বিরুদ্ধে খোকসা থানায় মামলা করেন নিহতের বড় ভাই বিল্লাল শেখ। মোটরসাইকেলটি চুরি করতেই নজরুলকে গলা কেটে হত্যা করেন ওই তিনজন। পরে ২০১৪ সালের ৩০ জুন তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। দীর্ঘ শুনানি শেষে রোববার এ রায় দেয় আদালত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!