ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

মানবতাবিরোধী অপরাধ: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ১২:৫৮, ৩০ জুন ২০২২
মানবতাবিরোধী অপরাধ: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড
ফাইল ফটো

একাত্তরের মুক্তিযুদ্ধে হত্যা-গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় হবিগঞ্জের একজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় তিনজনকে আমৃত্যু কারাদণ্ড ও অপর একজনকে খালাস দেন ট্রাইব্যুনাল।

বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- মাওলানা মো. শফিউদ্দিন। তিনি পলাতক রয়েছেন। তার বাড়ি লাখাই উপজেলায়। 

Advertisement

এ মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. তাজুল ইসলাম ওরফে খোকন, জাহেদ মিয়া, ছালেক মিয়া। এছাড়া খালাসপ্রাপ্ত আসামি সাব্বির আহমেদ পলাতক রয়েছেন।

সাব্বির আহমেদ দ্বিতীয় আসামি যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে খালাস পেয়েছেন। এর আগে, গত বছরের ১১ ফেব্রুয়ারি এক রায়ে ময়মনসিংহের আব্দুল লতিফকে খালাস দিয়েছিলেন ট্রাইবুনাল।

রায়ের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানিয়েছে, তারা রায়ে সন্তুষ্ট।

তবে আসামিপক্ষের আইনজীবী জানান, তারা ন্যায়বিচার পাননি। আপিল করলে উচ্চ আদালত থেকে ন্যায়বিচার পাবেন বলে আশা করছেন।

২০১৮ সালের ২১ মার্চ আসামিদের বিরুদ্ধে চুড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন ও হত্যাসহ বিভিন্ন অপরাধে ২টি অভিযোগ আনা হয়েছে। তদন্ত শেষে মামলায় মোট ২১ জনকে সাক্ষী করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!