কাকের ডাকাডাকিতে পুঁতে রাখা লাশ উদ্ধার, গ্রেফতার ২
শেরপুরের নালিতাবাড়ীতে কাকের ডাকাডাকিতে জঙ্গলে পুঁতে রাখা এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হেলিম মিয়া ও নজরুল ইসলাম নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, গত ২০ আগস্ট শনিবার বিকেলে উপজেলার পূর্ব মানিককুড়া গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ৫ সন্তানের জননী। এরপর ২৩ আগস্ট মঙ্গলবার গৃহবধূর স্বামী নালিতাবাড়ী থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন।
.png)
২৫ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিহতের মাসহ স্বজনেরা বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে থাকা বিশিগিরিপাড়া গ্রামে বন বিভাগের সমতল বনভূমির জঙ্গলে গৃহবধূর সন্ধান করছিলেন। এ সময় একদল কাক জঙ্গলে ডাকাডাকি করায় গৃহবধূর মা ঝোপে ঢুকে গন্ধ ও মাছির উপস্থিতি টের পান। পুঁতে রাখা লাশের দেহাবশেষ বেরিয়ে থাকায় হাতের চুরি ও ওড়না দেখে মেয়ের লাশ শনাক্ত করেন তিনি। খবর পেয়ে থানা পুলিশ, সিআইডি, সিআইডির ক্রাইমসিন ইউনিট ও র্যাব সদস্যরা গিয়ে প্রাথমিক তদন্ত ও লাশ উদ্ধার করেন।
এদিকে, সন্দেহভাজন হিসেবে একই সময়ে হেলিম মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তবে সন্দেহভাজন অপর অপরাধী নজরুল ইসলাম ততক্ষণে পালিয়ে যায়।
পুলিশি তদন্তে বেরিয়ে আসে ২০ আগস্ট শনিবার বিকেলে ওই বাগানের পাশে থাকা নজরুল ইসলামের বাড়িতে গিয়ে ৫০ টাকা ধার চান ওই গৃহবধূ। এ সময় ৫০ টাকা ধার দেওয়ার পর স্ত্রী বাড়িতে না থাকায় গৃহবধূকে বাগানে নিয়ে ঝোপের আড়ালে ধর্ষণ করেন নজরুল। এ সময় সেখান দিয়ে আসতে থাকা হেলিম তাদের দেখে ফেলে বিষয়টি প্রকাশের ভয় দেখায়। একপর্যায়ে গৃহবধূকে টেনে ঝোপে নিয়ে ভয় দেখিয়ে সঙ্গে থাকা অলঙ্কার খুলে নেয়ার চেষ্টা করে হেলিম। এতে বাধা দিলে গৃহবধূর ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে ধরে এবং নজরুলকে টেনে ধরতে বলে হেলিম। পরে উভয়ে মিলে দুইপাশে টেনে ধরলে গৃহবধূ শ্বাসরোধ হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় হেলিম গৃহবধূর বুকে কয়েকটি লাথি দিয়ে মৃত্যু নিশ্চিত করে। এরপর হেলিমের কথামতো নজরুল বাড়ি থেকে কোদাল নিয়ে প্রথমে একটি গর্ত করার চেষ্টা করে। হেলিম তা নিষেধ করে ঝোপের ভেতরে গিয়ে আরেকটি গর্ত করে নিজেই। এরপর নজরুল কাঁধে করে গৃহবধূকে নিয়ে গৃহবধূকে মাটিচাপা দেয়। সঙ্গে থাকা অলংকার খুলে নেয় হেলিম।
অপরদিকে, পুলিশি তদন্তে নজরুলের সম্পৃক্ততা পাওয়া যায়। তথ্য প্রযুক্তির মাধ্যমে গত ৪ সেপ্টেম্বর বিকেলে ঢাকার বংশাল এলাকা থেকে নজরুলকে গ্রেফতার করে পুলিশ। পরে উভয়ের জবানবন্দি গ্রহণকালে তারা দোষ স্বীকার করায় মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়। ওসি এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।