রোহিঙ্গারা ছড়াচ্ছে চিকেনপক্স, স্থানীয়রা আতঙ্কে
কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে ছোঁয়াচে জলবসন্ত (চিকেনপক্স) রোগের প্রকোপ দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে ক্যাম্পগুলোর আশাপাশ এলাকায়ও। স্থানীয় চিকিৎসক ও উন্নয়নকর্মীদের আশঙ্কা দ্রুত এ রোগ নিরাময় না করা গেলে তা মহামারি আকার ধারণ করতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, গত বছরের ডিসেম্বর থেকে চলতি ১৩ জানুয়ারি পর্যন্ত উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের ৮৩২ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু চিকেনপক্সে আক্রান্ত হয়েছে। তবে অতিরিক্ত শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুল দোহা এ সংখ্যা বর্তমানে ১,০০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেন।
ড্যানিশ রিফিউজি কাউন্সিলের শিশু নিরাপত্তা সহকারী কর্মকর্তা আতিকুর রহমান জানান, উন্নয়নকর্মীদের মাঝে এই রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কায় প্রতিটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে অনুরোধ জানানো হয়েছে। ক্যাম্পে প্রবেশকালে প্রত্যেককে হাতে গ্লাভস ও মুখোশ পরিধান করতে বলা হয়েছে।
.png)
কক্সবাজারের সিভিল সার্জন মো. আবদুল মতিন জানান, উখিয়া-টেকনাফে ৩০টি শিবিরে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে একের পর এক রোগজীবাণু ধরা পড়ছে। মরণব্যাধি এইডস ও ডিপথেরিয়াসহ নানা ছোঁয়াচে রোগের পর এবার জলবসন্ত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত দুই সপ্তাহে এ রোগে আক্রান্ত হয়েছেন ১০০০-এর বেশি রোহিঙ্গা।
তিনি আরো জানান, সরকারি-বেসরকারি বিভিন্ন মেডিকেল সেন্টারে রোগের প্রাথমিক চিকিৎসা করা হচ্ছে। রোহিঙ্গারা নতুন নতুন রোগে আক্রান্ত হওয়ায় স্থানীয়দের সাবধানতা অবলম্বন করতে হবে। এটা একটি খুবই ছোঁয়াচে রোগ। এ রোগে শিশুরা বেশি আক্রান্ত হয়।