পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কাজলী গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান মোল্যা ও হোগলডাঙ্গা গ্রামের আব্দুল হাই পবন মল্লিকের সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এরই জেরে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হান্নান ও পবন গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মোল্যা মতিয়ার রহমানের বাড়ির সামনে সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষে পবন গ্রুপের রাশিদুল, এনামুল, আতর, হাপান ও উকিল মোল্যাসহ বেশ কয়েকজন মারাত্মক আহত হন। গুরুতর আহত রাশিদুলকে চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
.png)
তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পবন গ্রুপের লোকজন প্রতিপক্ষ হান্নান গ্রুপের রফিকুল ইসলাম ফেরো, জামির মীর, হারুর মীর ও ফিরোজ মীরের বাড়িসহ বেশ কয়েকটি বাড়ি-ঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতের স্ত্রী আসমা বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামী রাশিদুল মোল্যা কাজলী বাজার থেকে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে হান্নান মোল্যা, ফেরো, ঠান্ডু, ওবাইদুল, নান্নু, মোকাম, ইমরোজ, রিপন ও কবিরসহ বেশ কয়েকজন তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। আমি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।
এ বিষয়ে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন জানান, এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ এজাহার দাখিল করেননি। এজাহার পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হান্নান মোল্যাসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।