নোয়াখালীতে বৃদ্ধকে গলা কেটে হত্যাচেষ্টা
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় কলিম উদ্দিন নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধকে গলা কেটে হত্যাচেষ্টা করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সোনাইমুড়ী উপজেলার দক্ষিণ শাকতলা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুত্বর আহত কলিম উদ্দিন গাইবান্ধা জেলার ইছামত এলাকার আইনুদ্দিনের ছেলে। তিনি সোনাইমুড়ী উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের দানেশ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। কলিম উদ্দিন পেশায় একজন ভাঙারি ব্যবসায়ী।
স্থানীয়রা জানান, গত কয়েক বছর যাবৎ কলিম উদ্দিন সোনাইমুড়ী উপজেলায় ভাঙারি মালের ব্যবসা করে আসছেন। বুধবার সকালে নিজের ভ্যান নিয়ে দক্ষিণ শাকতলা গ্রামে যান কলিম। সেখানে বেলা সাড়ে ১১টার স্থানীয় আব্দুল মন্নানের ছেলে জুয়েলের সঙ্গে কথা কাটাকাটি হয় কলিমের। একপর্যায়ে জুয়েল ছুরি দিয়ে কলিমের গলায় জখম করে পালিয়ে যান। পরে স্থানীয়রা কলিম উদ্দিনকে মুমূর্ষু অবস্থায় ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
.png)
সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশিদ বলেন, বিষয়টি শুনেছি। আহত বৃদ্ধের অপারেশন চলছে। অভিযুক্ত যুবককে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।