ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নবীনগরে পুলিশের ওপর গুলির ঘটনায় শীর্ষ সন্ত্রাসী বাবা-ছেলেসহ তিনজন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৯, ১২ সেপ্টেম্বর ২০২২
নবীনগরে পুলিশের ওপর গুলির ঘটনায় শীর্ষ সন্ত্রাসী বাবা-ছেলেসহ তিনজন
গ্রেফতার-প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুলিশের ওপর গুলি করে বাবাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সন্ত্রাসী বাবা-ছেলেসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে গাজীপুর জেলার টঙ্গী থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের সুধন মিয়ার ছেলে শীর্ষ সন্ত্রাসী ব্যবসায়ী মন্নাফ মনেক ও তার ছেলে আরেক শীর্ষ সন্ত্রাসী শিপন। এ সময় শরীফুল নামে তাদের এক সহযোগীকেও গ্রেফতার করা হয়।

এর মধ্যে মনেকের বিরুদ্ধে ডাকাতি, চুরি, হত্যা, ধর্ষণসহ ১৫টি মামলা এবং তার ছেলে শিপনও ডাকাতি-মাদকসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। 

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শীর্ষ অপরাধী বাবা-ছেলেসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নিয়ে অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার ওসি (তদন্ত) সোহেল আহমেদের নেতৃত্বে শীর্ষ সন্ত্রাসী ব্যবসায়ী মন্নাফ ওরফে মনেক ও তার ছেলে আরেক শীর্ষ সন্ত্রাসী শিপনকে গ্রেফতার করতে অভিযান চালায় পুলিশ। অভিযানে গ্রেফতার করা হয় মনেককে। পরে এই সংবাদ পেয়ে তার ছেলে শিপনসহ কয়েকজন দু’দিক থেকে পুলিশের ওপর হঠাৎ গুলি চালাতে শুরু করে। পুলিশও আত্মরক্ষায় পাল্টা ১৪ রাউন্ড গুলি চালায়। এ সময় মনেকসহ হামলাকারীরা পালিয়ে যায়। এই ঘটনায় গুলিতে নবীনগর থানা ওসি (তদন্ত) মোহাম্মদ সোহেল ও এসআই রনি সোরে রানার গুলিবিদ্ধ হয়ে আহত হন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!