রড বোঝাই লরির ধাক্কায় অটোরিকশা ডোবায়, পরীক্ষার্থীসহ আহত ৭
নেত্রকোনার মদনে রড বোঝাই লরির ধাক্কায় অটোরিকশায় থাকা এসএসসি পরীক্ষার্থীসহ ৭ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে নেত্রকোনা-মদন সড়কের বটতলায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সুর্বনা আক্তার ও আনোয়ার হোসেন দুই শিক্ষার্থীকে অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী আহতদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে।
আহত সবাই এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন।
.png)
জানা যায়, মদন উপজেলার কেশজানি বিদ্যা নিকেতনের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার কেন্দ্র করা হয়েছে আটপাড়া উপজেলার তেলিগাতি ডিগ্রি কলেজে। শনিবার দুপুরে পরীক্ষা শেষে ৫ জন শিক্ষার্থী একটি অটোরিকশা দিয়ে তেলিগাতি থেকে বাড়ি ফিরছিলেন।
নেত্রকোনা-মদন সড়কের বটতলায় কেন্দুয়া থেকে আসা রড বোঝাই লরি গাড়ি বিপরীত দিক থেকে অটোরিকশাকে চাপা দেয়। এতে রাস্তার পাশের ডোবায় লরি ও অটোরিকশা পড়ে গেলে স্থানীয় লোকজন ও মদন ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শায়ন্তনী শর্মা জানান, শিক্ষার্থী সুর্বনা আক্তার ও আনোয়ার হোসেনের অবস্থা আশঙ্কাজনক। ধারণা করা হচ্ছে তাদের হাত ও পা এর হাড় একাধিক স্থানে ভেঙে গেছে। দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের মদন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে।
কেশজানি বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক আলী আহম্মদ বলেন, লরির চাপায় বিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আছি।
মদন থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।