ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৮, ১৮ সেপ্টেম্বর ২০২২
ফরিদপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
ঘটনাস্থলে পুলিশ সদস্যরা- ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের সালথা উপজেলায় রাজিব শেখ নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করে বলে পুলিশের ধারণা।

রোববার বিকেলে সালথা উপজেলার মেম্বার গট্টিতে রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রাজিব শেখ ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কোশাগোপালপুর গ্রামের আইয়ুব আলী শেখের ছেলে।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় তার পরিচয় শনাক্ত করা হয়। এর আগে, বিকেলে গরুর ঘাস কাটতে গিয়ে এক কৃষক রাস্তার পাশের খাদে তার লাশ দেখতে পেয়ে খবর দিলে সালথা থানা পুলিশ সেটি উদ্ধার করে।

Advertisement

নিহতের পিতা আইয়ুব আলী জানান, গত শুক্রবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি রাজিব। এ ঘটনায় রোববার সকালে ফরিদপুর কোতোয়ালি থানায় তিনি একটি নিখোঁজের জিডি করেন।

ঐ জিডির তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মোহাম্মদ মিজানুর রহমান জানান, নিহত রাজিবের মোবাইল লোকেশন ট্রাক করে তার সর্বশেষ অবস্থান ফরিদপুরের সালথা থানার মেম্বার গট্টি এলাকায় দেখতে পাওয়া যায়। বিকেলে ঐ এলাকা থেকে একটি লাশ উদ্ধারের খবর পেয়ে নিহতের পরিচয় শনাক্ত করতে সেখানে যায় পুলিশ এবং নিহতের পরিবার। এরপর সেটি রাজিবের লাশ বলে শনাক্ত করেন তার পিতা।

তিনি আরো জানান, রাজিবকে হত্যা করে দুর্বৃত্তরা তার অটোরিকশা ছিনিয়ে নিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

সালথা থানার এসআই আওলাদ হোসেন বলেন, একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার করে। সন্ধ্যায় পরিবারের লোকেরা তার পরিচয় শনাক্ত করেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বিএসএমএমসি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!