ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাছের সঙ্গে শত্রুতা!

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৬, ১৯ সেপ্টেম্বর ২০২২
গাছের সঙ্গে শত্রুতা!
ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীর মনোহরদীতে পূর্ব শত্রুতার জেরে অর্ধশতাধিক কলা ও বিভিন্ন ফলজ গাছ কেটে নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষরা। 

রোববার রাতে উপজেলার চালাকচর গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম আল-আমিন ও আব্দুল মজিদ। তারা চালাকচর গ্রামের আহাম্মদ আলীর ছেলে। তাদের দাবি, এ ঘটনায় প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। 

ক্ষতিগ্রস্ত আল-আমিন জানান, প্রতিবেশী আব্দুর রশিদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছে। এর জেরে রোববার বিকেলে আব্দুর রশিদ, রবিন, কাইয়ূম, সফর আলী, জুয়েল মিয়া এবং মোস্তফা দেশীয় অস্ত্র  নিয়ে আব্দুল মজিদের একটি ঘর ভেঙে মালামাল লুট করে নিয়ে যায়। ওই দিন রাত ১টার দিকে বাড়ির পাশে কলা বাগানসহ ফলজ ও বনজ গাছ কেটে ক্ষতি করেছে। 

Advertisement

ক্ষতিগ্রস্ত আব্দুল মজিদের স্ত্রী ফেরদাউছ বেগম বলেন, ‘বিরোধের জেরে প্রতিপক্ষরা আমার ঘর ভেঙে স্বর্ণালঙ্কার ও মূলবান মালামাল লুট করে নিয়ে গেছে। রাতের আঁধারে বাড়ির পাশে রোপণকৃত ২৫টি ফলজ ও বনজ গাছ কেটে নষ্ট করে দিয়েছে। এতে আমাদের কত বড় ক্ষতি হয়েছে বলে বোঝাতে পারব না।’

কৃষক আল-আমিন বলেন, ‘আজ সকালে কলাবাগানে গিয়ে দেখি, বাগানের অর্ধশতাধিক কলাগাছের সবই ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে। কলাগাছে থোড় আসা শুরু করেছিল। এখন আমার মাথায় হাত। মানুষ মানুষের সঙ্গে শত্রুতা করে। কিন্তু গাছের সঙ্গে এ কেমন শত্রুতা? বাগানের গাছ তো কারো সঙ্গে শত্রুতা করেনি। গাছের কোনো অপরাধ নেই। তাহলে কেন এমন করা হলো?’

মনোহরদী থানার ওসি মো. ফরিদ উদ্দিন বলেন, ‘ঘটনাটি শুনেছি তবে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!