বগুড়ায় দুই নারীকে ধর্ষণ, গ্রেফতার ২
বগুড়ার শেরপুর উপজেলায় দুই নারীকে ধর্ষণের পৃথক অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের শিকার দুজনের মধ্যে একজন বেসরকারি ক্লিনিকের আয়া। অন্যজন চাতালের নারী শ্রমিক।
সোমবার সকালে ধর্ষণের অভিযোগে আব্দুল আলীমকে গ্রেফতার করা হয়। ৩৫ বছরের ঐ নারীকে ধর্ষণের অভিযোগ তার বিরুদ্ধে।
এর আগে, রোববার রাতে শরীফ উদ্দিনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২৫ বছরের এক নারী ধর্ষণের অভিযোগ তোলেন বলে জানান শেরপুর থানার ওসি মো. আতোয়ার রহমান খোন্দকার। এ দুই মামলায় করা হয় রোববার রাতে। পৃথক মামলা দুটির বাদী ধর্ষণের শিকার ওই দুই নারী নিজেই।
.png)
গ্রেফতারকৃত দুজনের মধ্যে আব্দুল আলীম ওই উপজেলার কালশিমাটি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুস সামাদ। আর শরীফ একই উপজেলার মহিপুর নতুনপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম দেলবর প্রামাণিক। নিজ নিজ গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান ওসি।
অভিযোগ সূত্রে পুলিশ বলছে, ৩৫ বছরের ঐ নারী বেসরকারি একটি ক্লিনিকে আয়া হিসেবে কাজ করেন। চাকরি সুবাদে আব্দুল আলীমের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১ সেপ্টেম্বর বিয়ের প্রলোভনে ওই নারীর সঙ্গে ঘনিষ্ঠ হন আব্দুল আলীম। তবে ঘনিষ্ঠ হওয়ার পর থেকেই বিয়ের কথা উঠলেই আব্দুল আলীম টালবাহা করতেন। অবশেষে তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন ওই নারী।
একই অভিযোগ তুলে শরীফের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন ২৫ বছর বয়সী ঐ নারী শ্রমিক। বিয়ের প্রলোভনে তাকেও করা হয় ধর্ষণ। গত ১০ সেপ্টেম্বর ভোরে তাকে ঐ চাতালের বিশ্রামাগারে নিয়ে ধর্ষণ করেন শরীফ। পরে বিয়ের বিষয়ে টালবাহানা শুরু করেন। পরবর্তীতে বাধ্য হয়ে তার বিরুদ্ধে মামলা করেন এই নারী শ্রমিক। মামলার পর অভিযান চালিয়ে আসামি দুজনকে গ্রেফতার করা হয়।
ওসি মো. আতোয়ার রহমান খোন্দকার বলেন, অভিযোগের পর অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। সোমবার গ্রেফতারকৃত দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।