ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চকরিয়ায় হাতির মৃত্যু, ময়নাতদন্ত শেষে মাটিচাপা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৩, ৯ অক্টোবর ২০২২
চকরিয়ায় হাতির মৃত্যু, ময়নাতদন্ত শেষে মাটিচাপা
ফাইল ছবি

অসুস্থ হয়ে দুই বছর বয়সী একটি হাতি মারা গেছে। কক্সবাজারের চকরিয়ার খুটাখালী ইউনিয়নের হাজীরঘোনার গহীন অরণ্যে ঘেরা মধুশিয়া বাগানে পাওয়া যায় মৃত বাচ্চা হাতিটি। মৃত্যুর দুদিন পর রোববার দুপুর দেড়টার দিকে ময়নাতদন্ত শেষে হাতিটি মাটিচাপা দেওয়া হয়।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে গহীন জঙ্গলের হাজীরঘোনা এলাকায় একদল বন্যহাতি আসে। ওই রাতে হাতিটি মারা গেছে বলে ধারণা তাদের।

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের সহকারী বন সংরক্ষক দ্বীপন দাস বলেন, মধুশিয়া বাগানে দুই বছর বয়সী একটি পুরুষ হাতি মারা যাওয়ায় দুপুর ১টার দিকে বনবিভাগ ও প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জনসহ ঘটনাস্থলে যাই। পরে ময়নাতদন্ত শেষে হাতিটি মাটিচাপা দেওয়া হয়েছে।

সহকারী বন সংরক্ষক দ্বীপন দাস আরো বলেন, হাতির শরীরে কোনো গুলি বা আঘাতের চিহ্ন নেই। সেখানে বিদ্যুতের ফাঁদও নেই। অসুস্থ হয়ে হাতিটি মারা গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চকরিয়া প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন মুনতাকিম বিল্লাহ মাসুম বলেন, লিভারে ইনফেকশন হওয়ায় হাতিটি মারা গেছে। হাতিটির ওজন এক টন ও দৈর্ঘ্য ছয় ফিট। দুদিন আগে হাতিটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!