ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কক্সবাজারে বন্য হাতির মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৩, ২১ নভেম্বর ২০২১
কক্সবাজারে বন্য হাতির মৃত্যু 
ফাইল ছবি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে এক বন্য হাতির মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়ার সাতঘরিয়াপাড়া সংলগ্ন ক্লিব্বা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছে, সকাল ৭টার দিকে অজ্ঞাতনামা একদল কাঠুরিয়া লাকড়ি সংগ্রহ করতে যাওয়ার পথে অন্তত: আড়াই ফুট গভীর একটি ঝিরিতে হাতিটিকে মৃত অবস্থায় দেখতে পায় এবং তারা বিষয়টি স্থানীয়দের জানায়। স্থানীয় লোকজন বনবিভাগকে হাতি মৃত্যুর বিষয়টি অবগত করলে সকাল ১১ টার দিকে ফুলছড়ি রেঞ্জের লোকজন ঘটনাস্থলে এসে পৌঁছে।

ফুলছড়ি রেঞ্জের অধীন রাজঘাট বিট কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, মৃত হাতিটি পুরুষ এবং এটির বয়স আনুমানিক দেড় থেকে দুই বছরের মতো হবে। এটি দৈর্ঘ্যে ৭ ফুট, প্রস্থ ৫ ফুট এবং শুড় আড়াই ফুট।

ফুলছড়ির রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুল বলেন, পুকুরের ঢাল বেয়ে নিচে নামার সময় পা পিছলে পড়ে হাতিটির মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফুলছড়ির এসিএফ ড. প্রান্তোষ চন্দ্র রায় জানান, কক্সবাজার সদর উপজেলা থেকে প্রাণি সম্পদ বিভাগের কর্মকর্তারা এসেছেন। ময়নাতদন্ত শেষে হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরো জানান, প্রাণি সম্পদ বিভাগের কর্মকর্তারা তাকে হাতিটির গায়ে ক্ষত চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!