দুই রোহিঙ্গা নেতা হত্যার ঘটনায় গ্রেফতার ৪
কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পে রোহিঙ্গা কমিউনিটি নেতা (মাঝি) মো. আনোয়ার ও মো. ইউনুস হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
মঙ্গলবার ভোরে উখিয়ার ১৩ ও ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়। তারা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেফতারকৃতরা হলেন- ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের কালা মিয়ার ছেলে শামসুল আলম, সব্বির আহমেদের ছেলে রশিদ আহমেদ, এফ-ব্লকের জুবায়ের আহম্মদের ছেলে মাহবুবুর রহমান এবং ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের আলী আহমেদের ছেলে নজির আহম্মেদ।
বিষয়টি নিশ্চিত করে এপিবিএন-৮ এর সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ জানান, ঘটনার পর থেকে অপরাধীদের গ্রেফতার করতে বিভিন্ন কৌশলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৩ ও ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
.png)
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাতে রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝি মো. আনোয়ার ও সাব-মাঝি মো. ইউনুসকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত আনোয়ারের ভাই বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে উখিয়া থানায় মামলা করেন।