ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে অভিনব প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার 

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪০, ২০ অক্টোবর ২০২২
রাজবাড়ীতে অভিনব প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার 
ছবি ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীতে অভিনব প্রতারক চক্রের দুই সদস্যকে টাকা, স্বর্ণাংলকার ও মোবাইল ফোনসহ গ্রেফতার করেছে পুলিশ। নারয়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজবাড়ী সদর থানায় অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সালাহউদ্দিন। গ্রেফতারকৃতরা হলেন- নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার নওয়াপাড়া জামদানী বিসিক ৪নংগলি এলাকার মো. রুহুল আমিন মোল্লা ছেলে মাসুদ হোসেন ও একই জেলা ও থানার চনপাড়া গ্রামের আবুল সরদারের ছেলে শাহাদাৎ সরদার।

পুলিশ কর্মকর্তা মো. সালাহউদ্দিন জানান, গত ১১ অক্টোবর রাজবাড়ী ১নং রেলগেটের সামনে প্রতারণার শিকার হয় কলেজ শিক্ষার্থী প্রিয়া আক্তার। তিনি যখন বিকাশ থেকে টাকা তুলে নিয়ে আসেন তার কাছ থেকে সুকৌশলে প্রলোভন দেখিয়ে স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুরি করে দ্রুত পালিয়ে যায় একটি চক্র। ঐ ঘটনায় রাজবাড়ী থানার মামলা করা হয়। প্রিয়া আক্তারের চুরি যাওয়া মালামাল উদ্ধার করার জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলা পুলিশ দুই দিনব্যাপী দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার মাধ্যমে দুইজনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। 

Advertisement

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গত ১০ অক্টোবর বিকেলে রাজন, মাসুদ ও শাহাদাৎ এ তিনজনের একটি গ্রুপ প্রতারণার মাধ্যমে ছিনতাইয়ের উদ্দেশে প্রথমে ফরিদপুরে আসেন। ফরিদপুর থেকে রাজবাড়ী হয়ে তারা কুষ্টিয়ায় লালনের মাজারে যান।

পরের দিন ১১ অক্টোবর কুষ্টিয়া থেকে ট্রেনযোগে রওনা হয়ে আনুমানিক বিকেল ৫টার দিকে রাজবাড়ী রেলস্টেশনে নামেন। সেখানে নেমে তারা আধা কেজি হুইল পাউডার ক্রয় করে তা সুন্দর করে প্যাকেট করে এবং টার্গেট খুঁজতে থাকে। রাজন প্রিয়া আক্তারের কাছে গিয়ে বলে যে, সে খুব বিপদে পড়েছে তাকে একটু সহায়তা করার অনুরোধ জানান। প্রিয়া আক্তার তার বিপদের কথা জানতে চাইলে রাজন জানায় যে, সে একটি বেকারিতে চাকরি করত কিন্তু বেতন দেওয়া হয়নি। 

যার কারণে সে বেকারি থেকে পাঁচ পাউন্ড মূল্যবান কেমিক্যাল নিয়ে আসে, এখন এগুলো বিক্রি করা প্রয়োজন। সে এখানে কোনো মিষ্টির দোকান চেনে না। রাজন প্রিয়াকে অনুরোধ জানান একটি মিষ্টির দোকান দেখিয়ে দেওয়ার জন্য। এছাড়া এই কেমিক্যাল অনেক মূল্যবান এবং প্রতি পাউন্ড ২০ হাজার টাকা করে দাম বলে জানান। ঠিক এই সময়ে ঐ গ্রুপের আরেক সদস্য মাসুদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিপদের কথা জানতে চান। তখন মাসুদ কৌশলে প্রিয়াকে উল্লেখিত মালামাল দুইজন মিলে ক্রয় করাতে রাজি করান  এবং অনেক লাভ হবে বলে প্রলুব্ধ করে।

ঠিক তখনি শাহাদাৎ মিষ্টির দোকানদার সেজে ঘটনাস্থলে উপস্থিত হন এবং কেমিক্যালগুলো অনেক দামি এ বিশ্বাস জন্মাতে সহায়তা করে। তখন রাজন প্রিয়া এবং মাসুদকে বলে প্রস্তাব দেয় যে, কিছু টাকা দিলে তাদের মালামাল দিয়ে দিবে। মাসুদ তার কাছে থাকা মোবাইল রাজনকে দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে প্রিয়াও তার কাছে থাকা মোবাইল ফোন, টাকা ও স্বর্ণালংকার রাজনকে দিয়ে বেকারির মূল্যবান কেমিক্যাল নিয়ে নেয়। এ সময়ে কৌশলে রাজন,মাসুদ ও শাহাদাৎ ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে প্রিয়া বুঝতে পারে যে, সে প্রতারণার শিকার হয়েছে।  

তিনি আরো জানান, এ গ্রুপটি তিন মাস আগে মাদারীপুরেও ঠিক একই রকম ঘটনা ঘটিয়ে ধরা পড়েছিল। তাদের মতো এমন অনেকগুলো গ্রুপ দেশের বিভিন্ন প্রান্তে এ ধরনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। রাজবাড়ীতে সংঘটিত ঘটনার সঙ্গে জড়িত মাসুদ ও শাহাদাৎকে গ্রেফতার করা হয়েছে। জড়িত অপর আসামি রাজনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম,  ডিআইও-১ মো. সাইদুর রহমান, রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেনসহ অন্যান্য অফিসাররা। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
ট্যাগ: প্রতারক
লিংক সফলভাবে কপি হয়েছে!