ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গুপ্তধনের লোভে ফেলে লাখ টাকা লোপাট, দুই প্রতারক গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৮, ২২ সেপ্টেম্বর ২০২১
গুপ্তধনের লোভে ফেলে লাখ টাকা লোপাট, দুই প্রতারক গ্রেফতার
গ্রেফতারকৃত দুই প্রতারক

ঝালকাঠির রাজাপুরে গুপ্তধন তুলে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ওই উপজেলার গালুয়া দুর্গাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার খাউলিয়া এলাকার মো. দুলাল খানের ছেলে মো. আরিফ খান জয়, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া এলাকার মো. আজাদের ছেলে মো. তারেক।

রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, গালুয়া দুর্গাপুর এলাকার মো. মাসুম বিল্লাহর ঘরে গুপ্তধন আছে- মো. জুয়েল নামে প্রতারক চক্রের এক সদস্য তাকে এ তথ্য জানায়। গুপ্তধন তুলতে ভারত থেকে তান্ত্রিক ভাড়া করে আনতে হবে জানিয়ে গত ১৫ এপ্রিল মাসুমের কাছ থেকে এক লাখ টাকা নেয় সে। দ্বিতীয় ধফায় গত ৩ সেপ্টেম্বর তান্ত্রিক নিয়ে আসার খরচ বাবদ বিকাশের মাধ্যমে আরো পাঁচ হাজার টাকা নেয়।

Advertisement

১৭ সেপ্টেম্বর মাসুমের বাড়িতে আসে জুয়েল, আরিফ ও তারেক। ওই সময় তারা মাসুমের ঘরের মাটি খুড়ে স্বচ্ছ কাঁচের একটি পেপার দেখিয়ে গুপ্তধন বলে জানায়। আর ওই গুপ্তধন পরিশোধন করতে সিঁদুর, রক্ত এবং সাপের মাথা কিনতে হবে বলে আরো ৪০ হাজার টাকা নেয়। বিষয়টি মাসুমের কাছে সন্দেহজনক মনে হলে ২১ সেপ্টেম্বর ওই তিন যুবককে আটকে রেখে পুলিশে খবর দেয় সে। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রতারক জুয়েল পালিয়ে যায়। তবে আরিফ ও তারেক ধরা পড়ে।

ওসি আরো জানান, ওই ঘটনায় মাসুম বিল্লাহ ওই তিন যুবকসহ অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। সে মামলায় গ্রেফতার দেখিয়ে আরিফ ও তারেককে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!