ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইলিশ রক্ষা অভিযানে নৌ-পুলিশের ওপর হামলা, আটক ৬

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫২, ২২ অক্টোবর ২০২২
ইলিশ রক্ষা অভিযানে নৌ-পুলিশের ওপর হামলা, আটক ৬
ছবি: ডেইলি বাংলাদেশ

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মা ইলিশ রক্ষা অভিযান চলাকালে হামলা হয়েছে নৌ-পুলিশের ওপর। এ সময় নৌ-পুলিশসহ আহত হয়েছেন আটজন। আহতদের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার ঘটনায় ছয় জেলেকে আটক করা হয়েছে। 

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার চরাত্রা ইউনিয়নের বালুরটেক এলাকার পদ্মা নদীতে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- সুরেশ্বর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. আবু আব্দুল্লাহ, এএসআই বেলাল, কনস্টেবল আশিষ কুমার দাশ, ইকবাল হোসেন, আব্দুল হান্নান, স্প্রিডবোট চালক সেলিম, বিপ্লব ও লেবার সোহাগ হোসেন।

Advertisement

এ তথ্য নিশ্চিত করে সুরেশ্বর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. আবু আব্দুল্লাহ জানান, শনিবার সকাল ৮টার দিকে একটি স্পিডবোট ও একটি ট্রলারসহ ১৪ জনকে নিয়ে মেঘনা নদীতে অভিযানে নামে নৌ-পুলিশের (হেড কোয়ার্টার) অতিরিক্ত পুলিশ সুপার দীন আলম। দুপুর ১২টার দিকে পদ্মা নদীর চরাত্রা ইউনিয়নের বালুরটেক এলাকায় গেলে ট্রলারে থাকা সংঘবদ্ধ জেলেরা আমাদের ওপর হামলা করেন। তারা ইটপাটকেল ও দেশীয় অস্ত্র টেঁটা ও বাঁশ ছোড়েন। হামলায় আটজন আহত হন। পরে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের চিকিৎসা দেওয়া হয়।

নৌ-পুলিশের (হেড কোয়ার্টার) অতিরিক্ত পুলিশ সুপার দীন আলম বলেন, আমরা সকাল থেকে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালাই। এতে জেলেরা আমাদের ওপর ক্ষুব্ধ হন। দুপুরে পদ্মা নদীর বালুর টেক এলাকায় গেলে জেলেরা ট্রলার নিয়ে আমাদের ওপর হামলা চালান।

নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ পারভেজ বলেন, এখন ইলিশের প্রজনন মৌসুম। এ সময় মা ইলিশ মিঠা পানিতে ডিম ছাড়ে। এ কারণে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর মধ্যরাত পর্যন্ত সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু অসাধু জেলে নদীতে ইলিশ শিকার করে। তাই আমরা দিন ও রাতে নড়িয়ার পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালাই। জেলেদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হচ্ছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। সবার সহযোগিতায় আমরা মা ইলিশ রক্ষায় আরো কার্যকর ভূমিকা রাখতে পারবো। আর নৌ-পুলিশের হামলার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!