ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ অভিযান
মহানগরীতে মশার বংশ বৃদ্ধি নিয়ন্ত্রণে ও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।
শনিবার দুপুরে নগরীর পাঠানপাড়া এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিকের বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।
মশক নিধন কার্যক্রম উদ্বোধনকালে প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু বলেন, সারাদেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। রাজশাহীতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় মশক নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। মশার লার্ভা ধ্বংসে প্রতি সপ্তাহের শনিবার কীটনাশক স্প্রে কার্যক্রম শুরু করা হয়েছে।
.png)
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নগরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিটি ওয়ার্ডে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করা হবে। মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণে নগরীর সব মসজিদে এরমধ্যে বার্তা প্রেরণ করা হয়েছে। মশক নিয়ন্ত্রণে ঝোপঝাঁড় জঙ্গল পরিষ্কার, ড্রেনের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে কাদামাটি অপসারণসহ পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হবে।
বিশেষ অভিযানের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্য ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুজ্জামান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) সাজ্জাদ আলী, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং (মশক) জুবায়ের হোসেন মুন প্রমুখ।