বুধবার পর্যন্ত বৃষ্টি হতে পারে বগুড়ায়
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বগুড়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। একইসঙ্গে বইছে ঝড়ো হাওয়া। বুধবার পর্যন্ত এ জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সোমবার দিবাগত রাত দেড়টা পর্যন্ত বগুড়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এর আগে, এদিন ভোর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। পরে বেলা ১১টার পর থেকে আকাশ থেকে বৃষ্টি ঝরা শুরু করে। এদিন বেলা গড়িয়ে দুপুর হলেও সূর্যের দেখা মেলেনি। দিনে জনজীবনে তেমন কোনো প্রভাব ফেলেনি বৃষ্টি। তবে সন্ধ্যায় কিছুটা বেড়েছে বৃষ্টির গতি। ঘণ্টাখানেক পর আবারো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় জেলার বিভিন্ন বন্দর এলাকা জনমানবশূন্য হতে শুরু করে।
সোমবার সন্ধ্যায় মুষলধারে বৃষ্টি শেষে বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ফুলতলা এলাকায় গিয়ে দেখা যায়, বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ করতে ব্যস্ত ব্যবসায়ীরা।
.png)
মুদি দোকানি মানিক প্রামাণিক বলেন, সারাদিন বৃষ্টিপাতের কারণে বেচাকেনা কম হয়েছে। সন্ধ্যায় তো পুরো এলাকাজুড়ে মানুষই চোখে পড়ছে না। এ সময় বাড়ি থেকে কেউ বেরও হবেন না। তাই দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছি।
সন্ধ্যার এ চিত্র শুধু ফুলতলারই নয়, জেলার অধিকাংশ বাজার এলাকারই।
আবহাওয়া অধিদফতরের বগুড়া কার্যালয়ের উচ্চ পর্যবেক্ষক সৈয়দ গোলাম কিবরিয়া বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বগুড়ায় সোমবার সকাল থেকে গুঁড়িবৃষ্টি শুরু হয়ে একটানা চলছে। এভাবে বৃষ্টিপাত হতে পারে বুধবার পর্যন্ত।