ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল তারজুলের
বগুড়ার কাহালু উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বগুড়া রেলস্টেশন ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল ইসলাম।
এর আগে, এদিন সকালে ওই উপজেলার কচুয়া গ্রামে রেললাইনের পাশ থেকে স্থানীয়দের খবরে তার লাশ পাওয়া যায়।
মৃতের নাম তারজুল ইসলাম। ৩৮ বছরের তারজুল বগুড়া সদরের উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদিঘী গ্রমের বাসিন্দা। তিনি তার শ্বশুরবাড়ির পাশে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পূর্বপাড়া গ্রামে বাড়ি করে বসবাস করে আসছিলেন। তবে মাঝে মধ্যে বানদিঘী গ্রামেও থাকতেন তিনি।
.png)
স্বজনদের বরাত দিয়ে এসআই আমিনুল বলেন, শুক্রবার বানদীঘি গ্রাম থেকে তালোড়া বাড়িতে যাওয়ার কথা ছিল তারজুলের। ঐদিন তালোড়া বাড়িতে যাননি তিনি। পরে শনিবার সকালে কাহালুর কচুয়া গ্রাম থেকে তার ট্রেনে কাটা লাশ পাওয়া যায়। স্থানীয়দের খবরে তার লাশ উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের ট্রেনে কাটা পড়ে তারজুল মারা যান। শনিবার সকালে ছিল বগুড়ামুখী কলেজ ট্রেন। শুক্রবার রাতে সবশেষ ট্রেন ছিল ঢাকাগামী রংপুর এক্সপ্রেস। ওই ট্রেনে কাটা পড়েই মারা গেছেন তারজুল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।