ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আলোচিত রেজাউল হত্যায় আপন ৫ ভাইয়ের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৩, ৩১ অক্টোবর ২০২২
আলোচিত রেজাউল হত্যায় আপন ৫ ভাইয়ের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় আলোচিত রেজাউল হত্যা মামলায় আপন পাঁচ ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে তাদেরকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

সোমবার দুপুরের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। বিষয়টি  নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌসুলি (পিপি) অনুপ কুমার নন্দী।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মাঝগ্রাম এলাকার মৃত রহমত শেখের ছেলে উজ্জ্বল, সেজ্জাদ প্রকাশ সুজাত, সুজন, গফুর ও জালাল। রায় ঘোষণার সময় আসামি গফুর ও জালাল আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই তাদের পুলিশি পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। অপর আসামিরা পলাতক রয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলায় অপর সাত আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

Advertisement

আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১১ জুন রাত সাড়ে ১০টার দিকে পূর্ব শত্রুতার জেরে আসামিরা হাসুয়া, ছোরা, রামদা ইত্যাদি অস্ত্র-সস্ত্র নিয়ে রেজাউলকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। এ ঘটনার পরদিন নিহতের মামা আফিল উদ্দিন বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে কুমারখালী থানায় একটি মামলা করেন।

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। নির্ধারিত ধার্য তারিখে আদালতের বিচারক মামলার আসামিদের শাস্তির আদেশ দেন।

আদালতের সরকারি কৌসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, পূর্ব শত্রুতার জের ধরে হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আপন পাঁচ ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলায় অপর সাত আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!