সাংবাদিক হত্যার একযুগ পর ৬ জনের যাবজ্জীবন
দীর্ঘ একযুগ পর সিলেটের সাংবাদিক ফতেহ ওসমানী হত্যা মামলার ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
সোমবার সকাল ১১টার দিকে সিলেটের বিশেষ জেলা জজ ও জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।
একইসঙ্গে আসামিদের ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। আদালতের বেঞ্চ সহকারী এস এম আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
.png)
রায় ঘোষণার সময় জৈন্তাপুর থানার আদর্শ গ্রামের হাবিবুর রহমানের ছেলে আসামি মো. কাশেম আলী (২২) ছাড়া অপর আসামি সাদ্দাম, সুমন, স্বপন, রাসেল ও শাহ আলম পলাতক ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৮ এপ্রিল রাতে সাংবাদিক ফতেহ্ ওসমানী তার বন্ধু আব্দুল মালেককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। রাত সাড়ে ১১টার দিকে নগরীর শাহী ঈদগাহস্থ শাহ মীর (র.) মাজারের সামনের রাস্তায় পৌঁছামাত্র ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ফতেহ্ ওসমানী ও তার বন্ধু আব্দুল মালেক আহত হন। পরে ২৮ এপ্রিল রাতে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফতেহ ওসমানী মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় নিহত ফতেহ্ ওসমানীর ছোট ভাই আল-ফরহাদ মতিন বাদী হয়ে ছিনতাইকারী ও সন্ত্রাসী সাদ্দাম ওরফে টাইগার সাদ্দাম ও কাশেমের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে সোমবার আদালত এ মামলার রায় ঘোষণা করেন।