ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারীপুরে বেপরোয়া কিশোর গ্যাং

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:০০, ৪ নভেম্বর ২০২২
মাদারীপুরে বেপরোয়া কিশোর গ্যাং
ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরের শিবচরে বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং সদস্যরা। এরা নিজেদের ক্ষমতার দাপট দেখাতে মারধর করেই সেই ভিডিও নিজেরাই সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ছড়িয়ে দিচ্ছে। 

রাহুল গ্যাং নামে পরিচিত একটি চক্র এই ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ। এদিকে রাহুল গ্যাংয়ের সদস্যদের হামলার শিকার হয়ে থানায় অভিযোগ দায়ের করা হলেও আমলে নেয়নি পুলিশ, এমন দাবি ভুক্তভোগী পরিবারের। এ ব্যাপারে মাদারীপুর পুলিশ সুপারের কাছে একটি লিখিত আবেদনপত্র দেয়া হয়েছে।

রাহুল গ্যাং নামে এই গ্রুপের একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সেই ভিডিও নিয়ে এরই মধ্যেই আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। এমন একটি ভিডিওতে দেখা যায়- একজন কিশোরকে লাঠি দিয়ে মারধর করছে পাঁচ থেকে সাতজনের একটি দল। 

Advertisement

এ সময় বলতে শোনা যায় যে, ‘মাঝে মধ্যে নিজেদের হ্যাডম দেখানোর জন্য এইগুলো করা উচিত। রাস্তা থেকে কুত্তা ধইরা এনে বাইরাইয়া বাইরাইয়া সাইজ করা উচিত।’

জানা গেছে, গত ২৩ অক্টোবর এই দলের কয়েকজন সদস্য সাইলেন্সারবিহীন মোটরসাইকেল নিয়ে বিকট শব্দে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালান। এ সময় শিবচরের সরকারি বরহামগঞ্জ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী হাসিব মাহমুদকে কাঁদাপানি জড়িয়ে দেয়। প্রতিবাদ করলে তারা দিপুকে ব্যঙ্গ-বিদ্রুপ এবং গালি-গালাজ করে। এরপর ২৬ অক্টোবর কলেজ থেকে পরীক্ষা দিয়ে বাড়ি যাওয়ার পথে উপশহর এলাকায় গতিরোধ করে পাশে নির্জন জায়গায় নিয়ে লোহার রড দিয়ে মাথার পেছনে আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। আহত হাসিব মাহমুদ দিপুকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয় এবং শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

ভুক্তভোগী হাসিব মাহমুদ দিপুর অভিযোগ, কোনো ব্যক্তিগত বিরোধ না থাকা সত্ত্বে ও আমাকে মারধর করা হয়েছে। এমনকি যারা আমাকে মারধর করেছে তাদের নামও তখন পর্যন্ত জানতাম না। পরে রাহুল, ফাহাদ, আব্দুল্লাহ, হামজা এই চারজনের নাম জানতে পারি। খোঁজ নিয়ে জানতে পারলাম তারা ৪ জন ছাড়াও আরও ৮ থেকে ১০ জন রাহুল গ্যাং নামে একটি গ্রুপের সদস্য। এরা নিজেদের ক্ষমতার প্রকাশের জন্য টিকটক ও ফেসবুকে মারধরের ভিডিও দিয়ে থাকে। 

এ দিকে হাসিব মাহমুদ দিপুর বাবা আবুল হোসেন মৃধা বলেন, আমার ছেলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত আছি। থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও তা এফআইআর করা হয়নি। বরং থানায় অভিযোগ দেয়ায় আমাদের পরিবারকে বিভিন্ন লোকজন দিয়ে হুমকি দিচ্ছে। এ ব্যাপারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাছে আমাদের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি করছি।

মাদারীপুরের শিবচর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর একজন এসআইকে প্রাথমিক তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তের পরই এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে। কিশোর গ্যাংয়ের ব্যাপারে আমরা জিরো টলারেন্স। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!