রাজশাহীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, যুবক নিহত
রাজশাহীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মোহাম্মদ শামসুজ্জামান নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৫ নভেম্বর) দুপুরে রাজশাহী মহানগরের মতিহার থানার কাজলা এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ শামসুজ্জামান রাজশাহীর বাঘা উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন বলেন, শনিবার দুপুর ২টার দিকে শামসুজ্জামান মোটরসাইকেল নিয়ে শহরের দিকে দ্রুত গতিতে যাচ্ছিলেন। এ সময় শহরের দিক থেকে আরেকটি মোটরসাইকেল মহাসড়কে উঠছিল। এক পর্যায়ে মতিহারের কাজলা এলাকায় মোটরসাইকেল দুটির সংঘর্ষ হয়। এতে শামসুজ্জামান মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান এবং তার মাথায় আঘাত লাগে।
.png)
ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর অপর মোটরসাইকেল চালক উঠে ঘটনাস্থল ত্যাগ করেন। তবে তাকে শনাক্ত করা যায়নি, তাকে শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ঐ পুলিশ কর্মকর্তা।
ওসি আরো জানান, নিহত শামসুজ্জামানের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি। তারা কোনো অভিযোগ না দিলেও নিয়ম অনুসারে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।