রাস উৎসবের জন্য প্রস্তুত মণিপুরি সম্প্রদায়
সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। একদিন পরই বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হবে মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী কৃষ্ণের ১৮০তম মহারাসলীলা।
মণিপুরি অধ্যুষিত জনপদ মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ও আদমপুরে আগামী মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল থেকে শুরু করে রাতভর জমকালো আয়োজনে নানা কর্মসূচিতে উদযাপিত হবে এ অনুষ্ঠান। রাসলীলা উৎসব উপলক্ষে লোকারণ্য হয়ে উঠবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর শিববাজারের জোড়ামণ্ডপ এলাকা।
রাখাল নৃত্যের মাধ্যমে শুরু হবে মহারাসলীলার এ উৎসব। পাশাপাশি একই উপজেলার আদমপুরে মৈতৈই মণিপুরি সম্প্রদায় সানা ঠাকুর মন্দিরেও এ রাস উৎসব উদযাপন করবে মৈতৈই সম্প্রদায়ের লোকজন।
.png)
অন্যদিকে, সনাতন ধর্মাবলম্বীরা এক মাস কাত্যায়নী ব্রত শেষে মঙ্গলবার ভোররাত থেকে মাধবপুরের ধলই নদীর তীরে কাত্যায়নী স্নান করতে হাজার হাজার ভক্ত সমবেত হয়ে পূজা-অর্চনা আর মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে এ মাসকে বিদায় জানাবে। প্রতি বছর লক্ষ্মীপূজার পরের পূর্ণিমা তিথিতে এই মহারাসলীলা কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয়। কুয়াশাচ্ছন্ন রাত উপেক্ষা করে রাস উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজারো মানুষের ঢল নামে।
বুধবার (৯ নভেম্বর) ঊষালগ্নে শেষ হবে মণিপুরি সম্প্রদায়ের মহারাসলীলা। উৎসব উপলক্ষে উভয়স্থানে বসবে বিশাল মেলা। রাস উৎসবে হাজার হাজার ভক্তসহ দেশি-বিদেশি পর্যটকের ভিড়ে মুখরিত হবে মণিপুরি জনপদ।