ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পল্লী বিদ্যুতের ঠিকাদারসহ ৫ জনের গ্রেফতারি পরোয়ানা

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৮, ৭ নভেম্বর ২০২২
পল্লী বিদ্যুতের ঠিকাদারসহ ৫ জনের গ্রেফতারি পরোয়ানা
ফাইল ছবি

খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটের পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় আপগ্রেডেশন প্রকল্পের প্রায় ৭৭ লাখ টাকা আত্মসাতের মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আব্দুল হান্নান চৌধুরী সিভিল অ্যান্ড ইলেক্ট্রিকের সত্ত্বাধিকারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।  

সোমবার খুলনা মহানগর স্পেশাল জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আসামিরা হলেন, মেসার্স আব্দুল হান্নান চৌধুরী সিভিল এন্ড ইলেট্রিকের সত্ত্বাধিকারী মিসেস খাদিজা খানম, প্রতিষ্ঠানের প্রতিনিধি আব্দুল কাইয়ুম, জেনারেল ম্যানেজার মো. মোশাররফ হোসেন, সহকারী ম্যানেজার আবু তাহের এবং জাহান বক্স।

Advertisement

আদালতের দুদকের পিপি আইনজীবী খন্দকার মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এরমধ্যে জেনারেল ম্যানেজার মো. মোশাররফ হোসেন ও সহকারী ম্যানেজার আবু তাহের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করেন।

জানা যায়, পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় ৩৩ কেভি ও ১১ কেভি বিদ্যুৎ সম্প্রসারণ আপগ্রেডেশন করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি চুক্তি হয়। শর্ত অনুযায়ী, বিদ্যুৎ বিভাগ থেকে তারা ৭৭ লাখ ১ হাজার ৭৪৬ টাকার মালামাল বুঝে নেয়। কিন্তু কাজ শেষ না করে ঠিকাদারি প্রতিষ্ঠান ২০১৫ সালের ১৫ ডিসেম্বর কাজ বন্ধ করে দিয়ে ওই মালামাল আত্মসাৎ করে।

পল্লী বিদ্যুৎ সমিতি খুলনা সহকারী জেনারেল ম্যানেজার হাফিজুর রহমান ২০১৮ সালের ২৫ জানুয়ারি লবনচরা থানায় এ বিষয়ে মামলা দায়ের করেন। এ ঘটনায় মামলা দায়েরের পর দুদকের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ তদন্ত করে চলতি বছরের ৩০ মে আদালতে চার্জশিট দাখিল করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!