ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলেজের পাশে মিলল কাগজে মোড়ানো নবজাতক

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৯, ১৩ নভেম্বর ২০২২
কলেজের পাশে মিলল কাগজে মোড়ানো নবজাতক
ছবি ডেইলি বাংলাদেশ

নরসিংদীর মনোহরদীতে রাস্তার পাশ থেকে জীবিত এক মেয়ে নবজাতক উদ্ধার করা হয়েছে।

রোববার সকালে মনোহরদী সরকারি কলেজের পশ্চিম পাশ থেকে কাগজে মোড়ানো এ নবজাতককে উদ্ধার করা হয়। নবজাতকটির বয়স একদিন বলে জানিয়েছেন মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক। তবে তার বাবা-মার সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, সকালে হাঁটতে বের হয়েছিলেন শান্তা ইসলাম নামে এক নারী। কলেজের সামনে পৌঁছালে ঐ নবজাতকের কান্না শুনতে পান। পরে মনোহরদী থানা পুলিশকে জানালে তাদের সহায়তায় তিনি শিশুটিকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে হাসপাতালের সেবিকারা তার সেবা দেয়।

Advertisement

মনোহরদী থানার ওসি মো. ফরিদ উদ্দিন বলেন, কে বা কারা এ নবজাতককে ফেলে রেখে পালিয়ে যায়। তার প্রকৃত বাবা-মাকে শনাক্তের চেষ্টা চলছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে শিশুটিকে দেখে এসেছি। চিকিৎসায় কোনো ত্রুটি রাখা হচ্ছে না। আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসান মাহমুদ বলেন, এক দিনের নবজাতক মনে হচ্ছে। শিশুটির শারীরিক অবস্থা বেশ ভালো। তারপরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক দিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএসএম কাসেম বলেন, বর্তমানে ঐ নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। তার অবস্থা এখন বেশ ভালো আছে। আমরা সার্বক্ষণিক খোঁজ রাখছি।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!