ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪২, ১৪ নভেম্বর ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২৫
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

সোমবার দুপুর ১টার দিকে নাসিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

জানা যায়, গোয়ালনগর গ্রামের মেঘনা-ভলভদ্র নদীর তীর থেকে মাটি কেটে ট্রলি দিয়ে নিয়ে যাওয়ার সময় গোয়ালনগর গ্রামের মাসুক মিয়ার সঙ্গে একই এলাকার রফিক মিয়ার লোকজনের কথা কাটাকাটি হয়। এ নিয়ে এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠি, বল্লম, টেঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে থেমে থেকে অন্তত ৩ ঘণ্টা সংঘর্ষ চলে। খবর পেয়ে উপজেলার চাতলপাড় তদন্ত কেন্দ্র থেকে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের প্রায় ২৫ জন আহত হন। তাদের মধ্যে ১৬ জনকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া গুরুতর আহত পাঁচজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

নাসিরনগর থানার ওসি মো. হাবিবুল্লাহ সরকার জানান, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ মামলা দায়ের করতে থানায় আসেনি। তবে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!