ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালাইয়ে জমজমাট নবান্নের মেলা, মূল আকর্ষণ বড় মাছ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৭, ১৮ নভেম্বর ২০২২
কালাইয়ে জমজমাট নবান্নের মেলা, মূল আকর্ষণ বড় মাছ
ছবি: ডেইলি বাংলাদেশ

জয়পুরহাটের কালাইয়ে শুরু হয়েছে শীতের আমেজ। ঘন কুয়াশায় অল্প দূরের দৃশ্যও ঝাপসা হয়ে আসছে। এরই মধ্যে কালাই পৌরসভার পাঁচশিরা বাজার থেকে মাছ ব্যবসায়ীদের কণ্ঠে ভেসে আসে- ‘মাছ ভাই,বড় বড় মাছ, পুকুর, দীঘি ও নদীর মাছ। খুব স্বাদের মাছ, দেখে যান, নিয়ে যান, এ মাছ ফুরাইলে আর পাবেনা ভাই...।’

সেখানে সুন্দর করে রয়েছে সাজানো কাতলা, রুই, মৃগেল, চিতল, ব্ল্যাককার্প, গ্রাসকার্প, কালবাউশ, সিলভারকার্পসহ হরেক রকমের মাছ। ভোর থেকে বসেছে সারি সারি মাছের দোকান। চলছে হাঁকডাক ও দরদাম। তিন কেজি থেকে শুরু করে ১৮ কেজি ওজনের বড় মাছ। মাছের আকার অনুযায়ী প্রতি কেজি মাছ ২৫০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারাও ব্যাপক উৎসাহের সঙ্গে কিনছেন এসব মাছ। আবার দেখতে এসেছেন অনেকেই।

প্রতি বছরের মতো এবারো শুক্রবার জয়পুরহাটের কালাই পৌরসভার ২নং ওয়ার্ডের পাঁচশিরা বাজারে নবান্ন উৎসবকে কেন্দ্র করে বসেছে মাছের মেলা। তবে এ মাছের মেলায় শুধুই মাছ কেনার বিষয় নয়, আছে এক ধরনের জামাই-মেয়েদের কেনার প্রতিযোগিতা। কোন জামাই কত বড় মাছ কিনলেন, সেটাই আসল বিষয়। প্রতিযোগিতায় নীরব অংশগ্রহণ করেন শ্বশুররা। অগ্রহায়ণ মাসে নবান্ন উৎসব উপলক্ষে বসেছে উপজেলার পাঁচশিরা বাজারে প্রায় দেড় যুগের এ মাছের মেলা। মেলায় অংশ নেন উপজেলার মাত্রাই, উদয়পুর, পুনট, জিন্দারপুর, আহম্মোবাদ ইউনিয়ন ও কালাই পৌরসভার শতাধিক গ্রাম-মহল্লার মানুষরা।

Advertisement

এ মেলা কেন্দ্র করে প্রতিটি বাড়িতেই মেয়ে-জামাইসহ স্বজনদের আগে থেকেই দাওয়াত দেওয়া হয়। দেশের বিভিন্ন প্রান্তর থেকে হাজারো মানুষ উৎসব দেখতে আসেন। এ দিনটিকে ঘিরে এখানে দিনব্যাপী চলে মাছ কেনা ও বিক্রি করার উৎসব। কালাই পৌরসভার পাঁচশিরা বাজারে মাছ নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। মেলায় উঠেছে বড় বড় সব মাছ। অর্ধশতাধিক দোকানে এসব মাছের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। দূর-দূরান্ত থেকে দলে দলে লোকজন মেলায় এসেছেন মাছ কিনতে। ক্রেতারা মাছের দাম হাঁকাচ্ছেন, কিনছেন, আবার কেউ কেউ সেলফি তুলতেও ব্যস্ত।

মাছের পাশাপাশি বিভিন্ন পণ্যের পসরা বসেছিল এ মেলায়। ক্রেতারা খালি হাতে ফিরছেন না কেউ। সবাই সামর্থ্য অনুযায়ী মাছ কিনে খুশিমনে বাড়ি ফিরছেন। মেলা উপলক্ষে আশপাশের গ্রাম-মহল্লায় বিরাজ করছে উৎসবের আমেজ। নাইওর এসেছেন মেয়ে ও জামাই। নিমন্ত্রণ করা হয়েছে আত্মীয়-স্বজনকেও।

মেলার পাশের বেগুন গ্রামে বেড়াতে এসেছেন তানিয়া বেগম। তিনি বলেন, বেগুন গ্রামে থেকে স্বামীকে নিয়ে মাছের মেলায় ঘুরতে এসেছেন। মেলাটির নাম আগেই থেকে জানি, কিন্তু আসা হয়নি কখনো। মেলায় এসে বড় বড় মাছ দেখছি। অনেক আনন্দ লাগছে।

মেলায় মাছ কিনতে আসা জাহিদুল ইসলাম বলেন, মেলা থেকে ১২ কেজি ওজনের একটি কাতলা মাছ ১০ হাজার টাকায় কিনে শ্বশুর বাড়ি যাচ্ছি।

এ মেলায় মাছ বিক্রেতা আব্দুল লতিফ বলেন, মেলায় ছোট-বড় মিলে অর্ধশতাধিক মাছের দোকান বসেছে। মাছের মেলাতে বড় পুকুর, দীঘি ও নদী থেকে বিভিন্ন জাতের বড় মাছ সংগ্রহ করা হয়েছে।

কালাই উপজেলা মৎস্য সহকারী কর্মকর্তা মো. আনোয়ার আলী বলেন, এ মেলাকে ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। আর এ মেলাকে কেন্দ্র করে স্থানীয় বড় মাছ ব্যবসায়ীরা ও মাছ চাষিরা বিভিন্ন এলাকা থেকে সপ্তাহখানেক ধরে বড় মাছ সংগ্রহ করে থাকেন। মেলায় কেউ যেন বিষযুক্ত মাছ বিক্রি করতে না পারে সেদিকে আমাদের কঠোর নজরদারি রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!