বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সাতক্ষীরার ফুটবলপ্রেমীরা মূলত দুই দলে বিভক্ত হয়ে পড়েছে। বিভিন্ন দলের পতাকা শোভা পাচ্ছে বাড়ির ছাদ, রাস্তাসহ বিভিন্ন স্থানে। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে চলছে পতাকা যুদ্ধ। কে কত বড় পতাকা তৈরি করে দর্শন করাতে পারে। ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকরা পতাকা ও বাদ্যযন্ত্র নিয়ে তালা উপজেলার সদরে এরমধ্যে বর্ণাঢ্য শোভাযাত্রাও করেছে।
আর্জেন্টিনা ফ্যান ক্লাব বেলা ১১টায় ৬০০ হাত পতাকা নিয়ে তালা উপজেলা সদরে শোভাযাত্রা করে। এরআগে শুক্রবার সকালে ব্রাজিল ফ্যান ক্লাব ৩৫০ হাত পতাকা ও বাদ্য বাজিয়ে ব্রাজিল ফুটবলের তারকা নেইমারের মাধ্যমে দেশটি আবারো শিরোপা অর্জন করবে দাবি জানায় সমর্থকরা। তবে আর্জেন্টিনার হয়ে খেলতে গিয়ে বেশ কয়েকটি পুরস্কার পাওয়া মেসির হাত দিয়ে আর্জেন্টেনা এবার প্রথমবারের মতো বিশ্বকাপ দেশের মাটিতে নিয়ে যাবে এমন প্রত্যাশা ওই দলের সমর্থকদের।
.png)
তালা সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ইমরান মোড়ল জানান, ছোটবেলা থেকে আর্জেন্টিনার সমর্থক তিনি। তার পরিবারের সদস্যরাও একই পথের পথিক। মেসির খেলা তাকে বেশি আকর্ষণ করে। তাই নানা পুরস্কারে ভূষিত মেসির হাতে তিনি এবারের বিশ্বকাপ দেখতে চান।
তালা মুক্তিযোদ্ধা কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থী জগন্নাথ সরকার বলেন, আর্জেন্টিনার খেলা তার ভালো লাগে। আর এ ভালোলাগা যেন এবারে মেসির হাতে বিশ্বকাপ তুলে দেওয়ার মধ্য দিয়েই পূর্ণতা পায়।
তালার আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাবের সভাপতি হাবিবুর রহমান বলেন, ফুটবল প্রেমিক হিসেবে আর্জেন্টিনা এবার প্রথমবারের মতো বিশ্বকাপ জিতবে। তাই তারা কয়েকজন মিলে উদ্যোগ নিয়ে ৬০০ হাত পতাকা বানিয়েছেন।
তালা ব্রাজিল ফ্যান ক্লাবের শাওন আহম্মেদ ও মহিব ইসলামসহ কয়েকজন জানান, ফুটবল একটি শিল্প। এর শিল্পী ব্রাজিল। জয়ের মধ্য দিয়েই ব্রাজিল সমর্থকরা নতুন ব্রাজিল দেখতে পাবে।