সাভারে সেটেলমেন্ট অফিসে অগ্নিকাণ্ড, নিরাপত্তাকর্মী দগ্ধ
সাভার সেটেলমেন্ট অফিসে অগ্নিকাণ্ড হয়েছে। এ ঘটনায় আনোয়ার হোসেন নামে এক নিরাপত্তাকর্মী দগ্ধ হয়েছেন। খবর পেয়ে সাভার চামড়ার শিল্প নগরীর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আধ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে হেমায়েতপুর আলমনগর সুগন্ধা হাউজিং এলাকায় উপজেলা সেটেলমেন্ট অফিসের তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চামড়া শিল্প নগরী ফায়ার সার্ভিসের কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, আলমনগর হাউজিংয়ের ভিতর উপজেলা সেটেলমেন্ট অফিসে আগুন লাগার তথ্য পেয়ে দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে যাই। তিন তলা অফিসের তৃতীয় তলায় আগুন লাগে। সেখানে অফিসের কাগজপত্র পুড়ে গেছে।
.png)
তিনি আরো বলেন, আমরা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে ওই অফিসের আনোয়ার হোসেন নামে এক নিরাপত্তা প্রহরী দগ্ধ হয়েছেন। তাকে এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে জানা যায়নি অগ্নিকাণ্ডের কারণ।
সাভার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, সেটেলমেন্ট অফিসে আগুন লেগেছিল। বারান্দায় কিছু কাগজপত্র ছিল, সেগুলো পুড়ে গেছে। অফিসিয়াল ডকুমেন্টের কোনো ক্ষতি হয়নি। একজন দগ্ধ হয়েছেন। তাকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।