মাগুরায় হাতি নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল শোভাযাত্রা
মাগুরায় আর্জেন্টিনার সমর্থকরা ১০০০ হাত লম্বা দৈর্ঘ্যের পতাকা এবং হাতি নিয়ে বিশাল একটি শোভাযাত্রা করেছে। হাজার হাজার আর্জেন্টিনার সমর্থকরা এ শোভাযাত্রায় অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি শহরের জামরুল তলা থেকে শুরু হয়ে সারা শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটির মূল আকর্ষণ ছিল একটি বিশাল আকৃতির হাতি।
শোভাযাত্রাটির আয়োজক আর্জেন্টিনার সমর্থক মীর সুমন বলেন, আমাদের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। মেসির পাশাপাশি ডি মারিয়া এবং দিবালাও এবার বিশ্বকাপে ক্রীড়া নৈপূণ্য দেখাবেন। আমার মতো কোটি কোটি ফুটবলপ্রেমী অপেক্ষা করছে তাদের খেলা দেখার জন্য। আমি বিশ্বাস করি, এবারের বিশ্বকাপ মেসির আর্জেন্টিনা নেবে। এই বিশ্বকাপ শিরোপা লিওনেল মেসির নামের পাশে নতুন আরেকটি ইতিহাস লিখবে।
আর্জেন্টিনার আরেক সমর্থক ইসলামপুর পাড়ার পূর্বশা সিনেমা হল এলাকার ফুটবল খেলোয়াড় মহামেডান বলেন, আমি মনে প্রাণে আর্জেন্টিনা দলকে সমর্থন করি। আমার মতে এবার বিশ্বকাপে আর্জেন্টিনা সবচেয়ে শক্তিশালী দল। তরুণ অনেক খেলোয়াড় এই দলের সবচেয়ে বড় শক্তি। তারা ভালো খেলা উপহার দিলে বিশ্বকাপ তারাই জিতবে।
.png)
সরেজমিনে বিভিন্ন খেলাঘরের দোকান ও দর্জি পাড়ায় দেখা গেছে, বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে বিভিন্ন দেশের পতাকা নির্মাণের কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। সেইসঙ্গে ব্যাপকভাবে বিক্রি হচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি। তাছাড়া শহরের অলিগলিতে বাসা বাড়ির ছাদে আর্জেন্টিনা, ব্রাজিল ছাড়াও জার্মানি, ফ্রান্স ও পর্তুগালের পতাকা দেখা গেছে।