বিয়ের ৪ দিন পার না হতেই দুর্ঘটনায় নিথর হলেন কিরণ
বিয়ে করেন মাত্র চারদিন আগে। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন প্রবাসী কিরণ।
শুক্রবার ভোরে ঢাকা থেকে কিরণের লাশ কিশোরগঞ্জের পাকুন্দিয়ার বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ। এর আগে, বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর এলাকার সৈয়দগাঁও গ্রামে সড়ক দুর্ঘটনায় কিরণ আহত হন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। ঐদিন রাতেই সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কিরণ পাকুন্দিয়া পৌর এলাকার সৈয়দগাঁও গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে।
জানা যায়, কিরণ দুবাইতে থাকেন। তিনি ১৫ দিন আগে বাড়ি এসে একটি নতুন মোটরসাইকেল কেনেন। গত রোববার পাকুন্দিয়া উপজেলার চরদেওকান্দি গ্রামে বিয়ে করেন কিরণ। বৃহস্পতিবার সকালে মোটরসাইকেলটি নিয়ে ঘুরতে বের হন তিনি। পাকুন্দিয়া-মঠখোলা সড়কের সৈয়দগাঁও বড় মসজিদের সামনের মোড়ে পৌঁছলে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত কিরণ। প্রথমে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে বৃহস্পতিবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
.png)
পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমন বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে কিরণের নিহত হওয়ার বিষয়টি শুনেছি। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।