ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাঁচদিন পর অপহৃত ব্যবসায়ী উদ্ধার, স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৬

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৫, ২৭ নভেম্বর ২০২২
পাঁচদিন পর অপহৃত ব্যবসায়ী উদ্ধার, স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৬
গ্রেফতারদের আদালতে পাঠানো হয়

সাভারের আশুলিয়ায় ফার্নিচারের শোরুম থেকে ব্যবসায়ী মেহেদী হাসানকে অপহরণের পাঁচদিন পর উদ্ধার করা হয়েছে। এ সময় নারীসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে ২২ নভেম্বর রাত ৮টার দিকে আশুলিয়ার উত্তর গাজিরচটের বগাবাড়া এলাকার নম্বর ওয়ান স্মার্ট ফার্নিচারের দোকান থেকে মেহেদীকে অপহরণ করা হয়।

অপহৃত ২৫ বছর বয়সী মেহেদী মানিকগঞ্জের ঘিওর উপজেলার পশ্চিম কলিয়া গ্রামের পান্নু মিয়ার ছেলে। তিনি আশুলিয়ার শিমুলতলা এলাকায় ভাড়া বাসায় থেকে ফার্নিচারের ব্যবসা করেন।

Advertisement

গ্রেফতাররা হলেন- যশোরের মনিরামপুর উপজেলার কেরতপুর গ্রামের আব্দুল সাত্তার গাজীর ছেলে কেরামুন হোসেন সম্রাট, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ধাউরা নয়াপাড়ার হাজী খবীর উদ্দীনের ছেলে আব্দুল আউয়াল, একই উপজেলার আন্দুরার আব্দুল রশিদের ছেলে মো. বাবুল মিয়া, পেকুরা গ্রামের নজমত আলীর ছেলে মো. রফিকুল ইসলাম, তার স্ত্রী খাদিজা ও একই জেলার বাসাইল উপজেলার দাপনাজোর গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. রাসেল।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২২ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসেন মেহেদী। রাত ৮টার দিকে একটি সাদা রঙের মাইক্রোবাস নিয়ে ফার্নিচারের শোরুমের সামনে দাঁড়ান গ্রেফতাররা। পরে চার-পাঁচজন শোরুমের ভেতরে ঢুকে মেহেদীকে তুলে নিয়ে যান। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে ফোন করে মেহেদী জানান- তাকে কয়েকজন আটকে রেখেছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে টাঙ্গাইল থেকে তাকে উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে ছয়জনকে গ্রেফতার করা হয়।

আশুলিয়া থানার এসআই আল-মামুন কবির জানান, অভিযোগের ভিত্তিতে অপহৃতকে উদ্ধারসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!