ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যাত্রী সেজে টিকিট কালোবাজারি ধরলেন ইউএনও কামরুন্নাহার

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৪, ২ ডিসেম্বর ২০২২
যাত্রী সেজে টিকিট কালোবাজারি ধরলেন ইউএনও কামরুন্নাহার
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন ইউএনও কামরুন্নাহার শেফা

জামালপুরের দেওয়ানগঞ্জে আসলাম নামে ৪০ বছর বয়সী এক টিকিট কালোবাজারিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দেওয়ানগঞ্জ রেলস্টেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা। দণ্ডিত আসলাম দেওয়ানগঞ্জ-ঢাকা আন্তঃনগর তিস্তা ট্রেনের অ্যাটেনডেন্ট।

ইউএনও কামরুন্নাহার শেফা বলেন, যাত্রীর ছদ্মবেশে বৃহস্পতিবার দুপুরে স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তিস্তা ট্রেনের ছয় আসনের তিনটি টিকিটসহ আসলামকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Advertisement

জানা গেছে, দেওয়ানগঞ্জ বাজার রেলস্টেশনে আন্তঃনগর তিস্তার আসন বরাদ্দ ১১৪টি। এর মধ্যে স্টেশনের কাউন্টার ৫৭টি ও অনলাইনে ৫৭টি টিকিট বিক্রি করা হয়। কিন্তু টিকিটের তুলনায় এ স্টেশনে যাত্রীর চাপ থাকে কয়েকগুণ বেশি। এ সুযোগ কাজে লাগিয়ে টিকিট কালোবাজারি সিন্ডিকেট গড়ে তোলেন এক শ্রেণির অসাধু ব্যক্তিরা। তারা কাউন্টার থেকে ও অনলাইনে একাধিক আইডি ব্যবহার করে টিকিট কেটে যাত্রীদের কাছে চড়া দামে বিক্রি করেন।

দেওয়ানগঞ্জ বাজার স্টেশন মাস্টার আব্দুল বাতেন বলেন, আসলামের কাছে ঢাকা যাওয়ার ছয়টি টিকিট ছিল। এর মধ্যে ইসলামপুর থেকে ঢাকা গন্তব্যের চারটি ও মেলান্দহ থেকে ঢাকার দুটি।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!