বাঞ্ছারামপুর উপজেলার দড়িকান্দি ইউপির খাল্লা গ্রামের পশ্চিম পাড়ার আবু কাউসার মিন্টু নিজ বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত প্রায় চার কিলোমিটার পথে দক্ষিণ কোরিয়ার পতাকা টাঙিয়েছেন। নিজের জায়গা বিক্রি ও স্ত্রীর জমানো টাকা দিয়ে মিন্টু এ পতাকা তৈরি করেন। আবার মৃত বাবার স্মৃতি ধরে রাখতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামে আর্জেন্টিনার পতাকার আদলে বসত ঘরের রঙ করেছেন তিন ছেলে। কয়েক হাজার ব্রাজিল সমর্থক মোটরসাইকেল নিয়ে বিশাল র্যালি করেছেন।
এ উন্মাদনায় এবার ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য র্যালি করেছেন আর্জেন্টিনা সমর্থকরা। শনিবার দুপুরে জেলা শহরের কাজীপাড়া জেলা ঈদগাহ ময়দান মাঠ থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোকনাথ ট্যাংকেরপাড় ময়দানে এসে শেষ হয়। এ সময় আর্জেন্টিনা সমর্থকদের স্লোগান আর মুহুর্মুহু করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
.png)
র্যালিতে অংশ নেয়া আর্জেন্টিনা সমর্থক রবিউল হোসেন রবিন বলেন, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা দল আমাদের প্রত্যাশা থেকেও অনেক ভালো খেলে যাচ্ছে। আগামীদিনেও এই জয়ের ধারা অব্যাহত রেখে এবারের বিশ্বকাপ আর্জেন্টিনা জিতবে বলে আশা করি।
বিশাল সাহা নামে আরেক সমর্থক বলেন, আমরা সবাই লিওনেল মেসির ভক্ত। মেসি ও প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা থেকেই এই আনন্দ র্যালিতে অংশগ্রহণ করেছি। আনন্দ করে প্রিয় দলের প্রতি সমর্থন জানিয়েছি। আশা করি এবার আমাদের প্রিয় দল জয়ী হবে।
এদিকে র্যালির অন্যতম আয়োজক হাসান সারোয়ার বলেন, আজকের র্যালিটি আমরা আর্জেন্টিনা ভক্ত সমর্থকরা করেছি। এবার আর্জেন্টিনা অনেক ভালো খেলে যাচ্ছে। আমরা চাই এবারের বিশ্বকাপে যেন আর্জেন্টিনা জয়ী হয়।