ব্রাজিলের বর্ণাঢ্য শোভাযাত্রা, অংশ নিলেন আর্জেন্টিনা সমর্থকরাও
ব্রাজিলের খেলা ঘিরে মুন্সীগঞ্জের ফুটবলপ্রেমী ও ব্রাজিল সমর্থকদের মধ্যে উন্মাদনা চলছে। ব্রাজিলের প্রথম ম্যাচ ঘিরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছেন ব্রাজিল সমর্থকরা।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পশ্চিম দেওভোগ অনির্বাণ ক্লাবের আয়োজনে
জেলা শহরের পশ্চিম দেওভোগ এলাকা থেকে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে শোভাযাত্রাটি বের হয়। জেলা শহরের কাচারি-সুপার মার্কেট ও পুরাতন বাসস্ট্যান্ড মোড় হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি। এর আয়োজন করে পশ্চিম দেওভোগ অনির্বাণ ক্লাব।
.png)
আয়োজিত শোভাযাত্রায় মোটরসাইকেল ও হেঁটে অংশ নেন বিভিন্ন বয়সী কয়েক শতাধিক ব্রাজিল সমর্থক। এ সময় সবুজ-হলুদ রঙের ব্রাজিলের পতাকা উড়িয়ে ও নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। ব্রাজিলের টি-শার্টের পাশাপাশি আর্জেন্টিনাসহ বিভিন্ন দলের টি-শার্ট পরিহিত সমর্থকদেরও দেখা যায় শোভাযাত্রায়।
র্যালিতে অংশ নেয়া এক সমর্থক বলেন, হাজার হাজার মাইল দূরে থেকেও আমাদের দেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে ব্রাজিল। দূর থেকে তাদের উৎসাহ দিতে আমাদের এ আয়োজন।
আরেক ব্রাজিল সমর্থক বলেন, চার বছর পর পর ফুটবল বিশ্বকাপ আসে। আর উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। ফুটবলের এই উন্মাদনা থেকেই ব্রাজিল সমর্থকদের মিলনমেলা। খেলায় হারজিত থাকবে। তবে এবার ব্রাজিলের জয় হবে এটাই প্রত্যাশা।
আর্জেন্টিনা টি-শার্ট পরা একজন বলেন, আমি ব্রাজিলের সাপোর্টার, তবে আমার স্ত্রী আর্জেন্টিনা। তার দেওয়া টি-শার্ট পড়েছিলাম। দেখলাম ব্রাজিলের র্যালি তাই অংশ নিয়েছি।
আর্জেন্টিনা টি-শার্ট পরা আরেকজন বলেন, খেলা ভালোবাসি। আর্জেন্টিনার সাপোর্ট করি। তবে নেইমারকেও ভালো লাগে। তাই ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রায় অংশ নিয়েছি।