ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ টাকার জন্য দুই গ্রামবাসীর সংঘর্ষ, বৃদ্ধ নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ২০০ টাকা চাঁদা দাবির জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে শীতল মিয়া নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২০ জন আহত হয়েছেন।
শনিবার দুপুরে নবীনগর উপজেলার বড়িকান্দি ইউপির ধরাভাঙ্গা ও মুক্তারামপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শীতল মিয়া উপজেলার মুক্তারামপুর গ্রামের কানু মিয়ার ছেলে।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় পিকআপভ্যানযোগে কাঠ যাচ্ছিল উপজেলার মুক্তারামপুর গ্রামের কবির মিয়ার স-মিলে। পথে ঐ পিকআপভ্যান আটকে ২০০ টাকা চাঁদা দাবি করেন ধরাভাঙ্গা গ্রামের করিম মিয়া। বিষয়টি নিয়ে কবির মিয়ার ছেলে ইব্রাহিম মিয়ার সঙ্গে রহিম মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা বিষয়টি সমাধান করে দেন।
তবে এর জের ধরে শনিবার ধরাভাঙ্গা গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুক্তারামপুর গ্রামে হামলা চালান। এ সময় মুক্তারামপুর গ্রামের বৃদ্ধ শীতল মিয়া অটোরিকশাযোগে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে তাকে পিটিয়ে হত্যা করা হয়। হামলাকারীরা মুক্তারামপুর গ্রামের কয়েকটি ঘরে আগুন লাগিয়ে দেন। এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।