ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৬, ৩ ডিসেম্বর ২০২২
গাজীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
প্রতীকী ছবি

গাজীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাসুম নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার ভোরে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুম কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার মাঠখোলা পুটিয়া গ্রামের মো. মাইন উদ্দিনের ছেলে। মাসুম  গাজীপুর মহানগরীর বাদে কলমেশ্বর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।

বাসন মেট্রো থানার ওসি মোহাম্মদ মালেক খসরু খান জানান, সৌদি প্রবাসী মাসুম এক বছর পূর্বে দেশে এসে তার স্ত্রী রাবেয়াকে নিয়ে গাজীপুর মহানগরীর বাদে কলমেশ্বর এলাকার আব্দুল হাকিমের বাড়িতে ভাড়া থাকতেন। মাসুম কোনো কাজকর্ম করতেন না। শুক্রবার রাত ১২টার দিকে তিনি বাইরে থেকে এসে ঐ ভাড়া বাসায় ফেরেন। ভোর ৪টার দিকে মাসুম কাপড়-চোপড় নিয়ে গ্রামের বাড়িতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে যান।

Advertisement

ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় ইউরো ওয়াশিং লিমিটেড কারখানার সামনে পৌঁছলে কে বা কারা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর ফেলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাসুমকে উদ্ধার করে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মোহাম্মদ মালেক খসরু খান আরো জানান, কারা, কী কারণে ঐ যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে তা তদন্ত করতে চারটি টিম মাঠে কাজ করছে। ধারণা করা হচ্ছে, তাকে পূর্ব শত্রুতার জেরে কেউ হত্যা করতে পারে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এতে একজন লোকের সঙ্গে তাকে ধস্তাধস্তি করতে দেখা গেছে। নিহতের শরীরের বিভিন্ন অংশে চারটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।  এ ঘটনায় বাসন থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!