রোববার বিকেলে রংপুর মহানগরীর দর্শনা মোড় ও লালবাগ বাজার এলাকায় তদারকি অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন- সহকারী পরিচালক বোরহান উদ্দিন ও জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মারুফা বেগম।
অভিযানে নগরীর বিনোদপুর এলাকার কিষাণ হিমাগারে আলুর বীজ নকল করে অনুমোদনবিহীন ভাবে সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের নাম ব্যবহার করে প্যাকেজিং এবং বিপণন করার অপরাধে অ্যাপোলো ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লালবাগ বাজার এলাকার রংপুর চাষি ঘরকে মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রয়ের অপরাধে এক হাজার ৫০০ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও জেলা বীজ প্রত্যায়ন এজেন্সি।
.png)
আলু মৌসুমকে টার্গেট করে আলু বীজ নিয়ে একটি চক্র প্রতারণায় নেমেছে। চক্রটি বিভিন্ন কোম্পানির নাম ও লোগো ব্যবহার করে খাবার আলুতে নকল ট্যাগ বসিয়ে হিমাগারে আলু বীজের বস্তায় ভরে প্রতারণামূলক এই ব্যবসায় করে আসছিল। অভিযানে অসাধু ব্যবসায়ীদের জরিমানা করার পাশাপাশি আলুর নকল বীজ উদ্ধার করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ বলেন, এখন আলুর মৌসুম চলছে। এ মৌসুমকে টার্গেট করে একটি চক্র নকল বীজ আলুর ব্যবসা করার চেষ্টা করছে। আমরা বিভিন্ন স্থানে সোর্স ঠিক করে রেখেছি। এ রকম কোনো সংবাদ পেলেই সেখানে অভিযান পরিচালনা করছি।