ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
আদালতে স্বীকারোক্তি

আরেকটি বিয়ে করবেন স্বামী, জেনেই ২ ছেলেকে ঘরে রেখে আগুন দেন মা

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪১, ৮ ডিসেম্বর ২০২২
আরেকটি বিয়ে করবেন স্বামী, জেনেই ২ ছেলেকে ঘরে রেখে আগুন দেন মা
গ্রেফতার পূর্ণিমা বৈদ্য

মাদারীপুরে ঘরে তালা মেরে আগুন ধরিয়ে সহোদর দুই ভাইকে হত্যার ঘটনার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মা পূর্ণিমা বৈদ্য।

বুধবার বিকেলে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক মো. সাজিদ উল হাসান চৌধুরী জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি পূর্ণিমা জানান, তাকে ডিভোর্স দিয়ে আরেকটি বিয়ে করতে চেয়েছিলেন মানিক। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। তখন রাগে-অভিমানে মানিকের সংসার থেকে চলে যাবেন বলে সিদ্ধান্ত নেন। এ কারণে তিনি ঘরে দুই ছেলেকে রেখে আগুন দিয়ে পালিয়ে যান। পরে আদালত পূর্ণিমাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এর আগে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে রাজধানীর পল্টন থানার কাকরাইল থেকে পূর্ণিমাকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

পুলিশ জানায়, সদর উপজেলার ঝিকরহাটি এলাকার গোলাম মাওলা মাতুব্বরের একতলা টিনশেড ঘর ভাড়া করে থাকতেন একই উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী এলাকার বাসিন্দা মানিক বৈদ্য। এক মাস আগে মানিককে একটি চুরির মামলায় পুলিশ গ্রেফতার করে। দুই ছেলেকে নিয়ে সেখানেই ছিলেন মানিক বৈদ্যর স্ত্রী পূর্নিমা বৈদ্য। 

সোমবার দুপুর ১২টার দিকে মানিকের ঘরে আগুন দেখতে পান প্রতিবেশীরা। পরে তারা ঘরের দরজা ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনলে ভিতরে দুটি শিশুর পোড়া দেহ পড়ে থাকতে দেখেন। আগুনে পুড়ে এক বছরের শিশু মানব ঘটনাস্থলেই মারা যায়। আহত অবস্থায় আড়াই বছর বয়সী আরেক শিশু রুদ্রকে হাসপাতালে নিলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

ঐ ঘটনার পর থেকে দুই শিশুর মা পূর্নিমা বৈদ্য ও নানি পলাতক ছিলেন। এ ঘটনায় সোমবার শিশুদের চাচি রত্না রানী বৈদ্য বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। পরে মঙ্গলবার বিকেলে পূর্ণিমা বৈদ্যকে ঢাকার কাকরাইল থেকে গ্রেফতার করে পুলিশ।

মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, নিহত শিশুদের বাবা মানিক বৈদ্য বেশ কয়েকটি ডাকাতি মামলার আসামি। সম্প্রতি একটি মামলায় তিনি এখন জেলে। মানিকের সঙ্গে তার স্ত্রী পূর্ণিমার দীর্ঘদিন ধরে কলহ চলছিল। সম্প্রতি মানিক পূর্ণিমাকে ডিভোর্স দিয়ে আরেকটি বিয়ে করবেন জানানোর পর স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। তখন পূর্ণিমা রাগে-অভিমানে মানিকের সংসার থেকে চলে যাবেন বলে সিদ্ধান্ত নেন। এ কারণে তিনি ঘরে আগুন দিয়ে পালিয়ে যান।

ওসি আরো বলেন, ঘটনার পর থেকেই পুলিশ শিশুদের মাকে খুঁজতে থাকে। পরে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ওই মা ঘরে আগুন দিয়ে তার সন্তানদের হত্যার কথা স্বীকার করেছেন। পরে তাকে আদালতে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!