৫০ জনকে কামড়াল বানর, শিশুদের স্কুলে পাঠানো বন্ধ
মাদারীপুরের কালকিনিতে দুই মাসে বানরের কামড়ে নারী-শিশুসহ ৫০ জন আহত হয়েছেন। সোমবার সকালেও শিক্ষার্থীসহ তিনজনকে কামড়ে গুরুতর আহত করেছে বানর। এতে আতঙ্ক দেখা দিয়েছে উপজেলাজুড়ে।
জানা গেছে, মাদারীপুরের চরমুগরিয়া থেকে খাবার সন্ধানে বের হয়ে আসা কালকিনি পৌর শহরের ঝাউতলা, চরঝাউতলা, কৃষ্ণনগর ও পালপারার অলিগলিতে ঢুকে পড়েছে বেশকিছু বানরের দল। তারা প্রতিনিয়ত খাবারের সন্ধানে রাস্তাঘাটে ও হাটবাজারে বের হয়ে পড়ে। খাবার পাওয়ার আশায় বিভিন্ন বাড়িতে গিয়েও হানা দিচ্ছে এসব বানর। এতে বাধা দিলে কেউ সামনে পড়লেই কামড় দেয়। বানরের কামড়ে দুই মাসে ৫০ জন আহত হয়েছেন। এর মধ্যে বেশিরভাগই শিশু।
ঝাউতলা গ্রামের বাসিন্দা সুমন, জুয়েল, আজিজসহ বেশ কয়েকজন বলেন, আমরা বন্য বানরের কারণে অতিষ্ঠ। আমাদের সন্তানদের ওপর হামলা করছে এসব বানর। তাই শিশুদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছি।
.png)
মানবাধিকার নেতা ও প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেন বলেন, ক্ষুধার জ্বালায় হয়তো এমন আচরণ করছে বানরের দল। কর্তৃপক্ষ তাদের সুন্দরভাবে বনে পাঠানোর ব্যবস্থা করলে ভালো হতো।
কালকিনি পৌরসভার মেয়র এসএম হানিফ জানান, খাবারের অভাবে বানরগুলো লোকালয়ে ঢুকে মানুষের ওপর আক্রমণ চালাচ্ছে। তাদের বনে পাঠানোর চেষ্টা অব্যাহত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা বলেন, এ বিষয়ে উপজেলা বন বিভাগ ও প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেয়া হবে।