অফিসেই ডিবি পুলিশের সঙ্গে খুনসুটিতে মেতেছে বানর, খাচ্ছে আঙুর
সাভারে উল্লুক আর বানরের সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছেন ডিবি পুলিশের সদস্যরা। এমনকি ভালোবেসে খাওয়ালেন ডালিম, আঙুর, কলা ও বিস্কুট।
সোমবার দুপুরে ঢাকা জেলা উত্তর ডিবি কার্যালয়ে দেখা মিলেছে এমন চিত্রের। এর আগে রোববার রাতে নবীনগর বাসস্ট্যান্ড থেকে পাচারকারীর হাত থেকে উল্লুক ও বানরকে উদ্ধার করে ডিবি পুলিশ। পাচারকারীকেও আটক করা হয়।
আটক ৪২ বছর বয়সী হাদিসুর রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার কাতিয়ারচর গ্রামের সুলতান মিয়ার ছেলে। তিনি ঢাকার রূপনগর এলাকায় থাকতেন।
.png)
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি বাসে অভিযান চালানো জয়। এ সময় উল্লুক ও বানরকে উদ্ধারসহ হাদিসুরকে আটক করা হয়। বর্তমানে প্রাণী দুটি ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের কার্যালয়ে রয়েছে। ভালোবেসে তাদের আঙুর, ডালিম, কলা ও বিস্কুট খাওয়াচ্ছেন ডিবি পুলিশ সদস্যরা। প্রাণী দুটি চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজার থেকে এনে সাতক্ষীরায় নিচ্ছিলেন বলে জানিয়েছেন আটক হাদিসুর।
ঢাকা উত্তর ডিবি পুলিশের পরিদর্শক রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব বলেন, হাদিসুরের বিরুদ্ধে মামলা দিয়ে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি একজন বন্যপ্রাণী পাচারকারী। এর আগেও তার বিরুদ্ধে এ ধরনের মামলা হয়েছে।
প্রাণী দুটিকে ঢাকা বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ দফতরের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ডিবি পুলিশের এ কর্মকর্তা।