চোর ধরতে লাগানো ১৩টি সিসিটিভি ক্যামেরা চুরি করলো বানর!
দোকানে মাঝেমধ্যেই চুরির ঘটনা ঘটছে, তাই চোর ধরতে দোকানের আশেপাশে সিসিটিভি ক্যামেরা বসিয়েছিলেন। নিশ্চিত ছিলেন, দোকানে চুরির ঘটনা শেষ হবে এবার। কিন্তু সেই সিসিটিভি ক্যামেরাই গেল চুরি! একটি, দু’টি নয়, একে বারে ১৩টি সিসিটিভি ক্যামেরা এ ভাবে চুরি যাওয়ার পর অবশেষে ধরা দিল চোর।
একটি সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে দেখা গেল চোরের মুখ। যা দেখে মাথায় হাত ব্যবসায়ীর। কারণ এই চোর কোনো সাধারণ চোর নয়, এটি হচ্ছে একটি বানর।
এ ঘটনায় রীতিমত হতবাক সেই ব্যববাসী। বুঝে উঠতে পারছেন না, পুলিশ না বন দফতর— ঠিক কাকে অভিযোগ জানাবেন তিনি।
.png)
সম্প্রতি ভারতের তামিলনাড়ুতে ঘটেছে এই ঘটনা। রাজ্যটির কন্যাকুমারীতে প্লাইউডের ব্যবসা সেই ব্যবসায়ীর।
আরো পড়ুন>> সৎবাবার কাটা মাথা মাঠে পুঁতে দেয় ছেলে!
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বানরের বাঁদরামো ভারতে নতুন কোনও ঘটনা নয়। বন, জঙ্গলের পাশাপাশি মানুষের বাসস্থানের আশেপাশেও নিত্য তাদের আনাগোনা, ঘোরাফেরা। অনেক সময়ই মানুষকে আক্রমণের ঘটনার কথাও শোনা গিয়েছে।
খাবারদাবার চুরিতেও নাম জড়িয়েছে বার বার। কিন্তু চোর ধরতে দোকানে বসানো সিসিটিভি ক্যামেরা চুরিতে জড়িয়ে পড়ে বানরকুল যেন নিজেকেই ছাপিয়ে গিয়েছে। কন্যাকুমারীর ঘটনা তারই প্রমাণ।
সূত্র: ইন্ডিয়া টুডে, আনন্দবাজার