এ ঘটনায় বৃহস্পতিবার গভীর রাতে কুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে চেয়ারম্যানপুত্র মাহমুদুল হাসান শুভকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে বুধবার রাতে লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডে টহল ডিউটিতে থাকা কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশের ওপর এ হামলার ঘটনা ঘটে। গ্রেফতারকৃত শুভ মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকসুদ হোসেনের ছেলে।
.png)
ঘটনার বিবরণে জানা গেছে, বুধবার রাত ১২টার দিকে কামতাল তদন্ত কেন্দ্রের এএসআই শফিউল্লাহসহ সঙ্গীয় ফোর্স নিয়ে টহল ডিউটি পুলিশের গাড়ি লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। এ সময় রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল নিয়ে একজন যাচ্ছিলেন। টহল পুলিশ মোটরসাইকেল নিয়ে কোথায় যাচ্ছেন এবং তার পরিচয় জানতে চাইলে চেয়ারম্যানপুত্র শুভর লোক তার পরিচয় দেন এবং বিয়ে বাড়িতে এসেছেন বললে তাকে পাঠিয়ে দেন।
মোটরসাইকেল নিয়ে চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকসুদ হোসেনের ছেলে মাহমুদুল হাসান শুভর নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল পুলিশের ওপর হামলা চালান। এ সময় পুলিশের গাড়িচালক কনস্টেবলসহ ৫ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় এএসআই শফিউল্লাহ বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
বন্দর থানার ওসি আবু বকর ছিদ্দিক জানান, পুলিশের দায়িত্ব পালনে বাধা এবং পুলিশকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদের ছেলে মাহমুদুল হাসান শুভকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। শুভর বিরুদ্ধে চাঁদাবাজির মামলাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অসংখ্য অভিযোগ রয়েছে।