শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী সমুদ্র সৈকত এলাকার বালুচরে মৃত অবস্থায় কচ্ছপটি ভেসে আসে। এর আগে ৬ ডিসেম্বর বাহারছড়া সৈকতে ৩০ কেজি ওজনের মৃত অলিভ রিডলে কচ্ছপ ভেসে এসেছিল।
বাহারছড়া শামলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ মঞ্জুর বলেন, ভেসে আসা কচ্ছপটি রক্তাক্ত ও মৃত। এটির শরীরের পাশাপাশি মুখে আঘাতের চিহ্ন রয়েছে, রক্ত ঝরছে। ধারণা করা হচ্ছে, কয়েক ঘণ্টা আগে গভীর সাগরে মাছ ধরার ট্রলার বা ট্রলিং জাহাজের জালে আটকা পড়লে জেলেরা এটিকে পিটিয়ে হত্যা করেছেন। পরে জোয়ারে উপকূলে ভেসে আসে কচ্ছপটি।
.png)
টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, শীতের শুরুতে সমুদ্র সৈকতে একের পর এক বিভিন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণীর মৃতদেহ ভেসে আসছে। কিছুদিন আগেও সমুদ্র সৈকতে ভেসে এসেছিল জেলিফিশ। এর কিছুদিন পর ৬ ডিসেম্বর শামলাপুর সৈকতে আরো একটি মৃত কচ্ছপ ভেসে এসেছিল। বিষয়টি নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতরের গবেষকেরা গবেষণা করছেন। সামুদ্রিক সম্পদ রক্ষায় জেলেদের সচেতন করতে এলাকায় এলাকায় উঠান বৈঠক ও প্রচারণা চালানো হচ্ছে। প্রকৃতি সংরক্ষণবিষয়ক সংস্থাগুলোর আন্তর্জাতিক জোট আইইউসিএন অলিভ রিডলে কচ্ছপকে ‘সংকটাপন্ন’ প্রজাতি হিসেবে চিহ্নিত করেছে।
তিনি আরো বলেন, ‘সাগরসংলগ্ন এলাকার মাছ ধরা জেলেদের নিয়ে আমরা গত সপ্তাহে একটি সচেতনতামূলক সভা করেছি। জেলেদের বুঝিয়েছি, জালে কচ্ছপসহ সামুদ্রিক প্রাণী আটকা পড়লে, তা যেন যত্নসহকারে পানিতে ছেড়ে দেওয়া হয়।