ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফাইনাল খেলা নিয়ে আর্জেন্টিনা-ব্রাজিল সংঘর্ষ, আহত ৭ 

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩০, ১৯ ডিসেম্বর ২০২২
ফাইনাল খেলা নিয়ে আর্জেন্টিনা-ব্রাজিল সংঘর্ষ, আহত ৭ 
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। রোববার রাতে সদর উপজেলার হাটশ হরিপুর বাজারে ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা শেষে এই সংঘর্ষের ঘটনা ঘটে।  

আহতদের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন, সদর উপজেলার হরিপুর গ্রামের আখের আলীর ছেলে মোফাজ্জল, আবু হানিফের ছেলে সায়েম আলী, আমদ আলীর ছেলে অমিত, জুয়েল, একই এলাকার শিপন, বিজয় এবং চাঁদ আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবলে ফাইনাল খেলা উপলক্ষে হাটশ হরিপুর বাজারে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করে স্থানীয়রা। খেলায় প্রথমার্ধে আর্জেন্টিনা দুই গোল দিলে দলটির সমর্থকরা বিভিন্নভাবে উল্লাস প্রকাশ করতে থাকে। ফাইনাল খেলায় ফ্রান্সের সমর্থন করা ব্রাজিল সমর্থকেরা খেলা দেখা বাদ দিয়ে ওই স্থান ত্যাগ করে। কিছুক্ষণ পর ফ্রান্স দুই গোল শোধ দিলে ব্রাজিলের সমর্থকেরা আবারও সেখানে এসে বিভিন্নভাবে উল্লাস প্রকাশ করতে থাকে।  

Advertisement

এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। শেষে ট্রাইব্রেকারে আর্জেন্টিনা জয় লাভ করলে দলটির সমর্থকেরা নাচানাচি শুরু করে। এ সময় আর্জেন্টিনার এক সমর্থক ব্রাজিলের এক সমর্থকের গায়ের ওপর পড়ে গেলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। পরে খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই সংঘর্ষে আহতদের মধ্যে পাঁচজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) মো. জহুরুল ইসলাম।

তিনি বলেন, হরিপুরে খেলা দেখা নিয়ে দুইপক্ষের মধ্যে মারামারি হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!