ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে সাড়ে ৪ কোটি টাকার আইস উদ্ধার, আটক ১ 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:২০, ১৯ ডিসেম্বর ২০২২
কক্সবাজারে সাড়ে ৪ কোটি টাকার আইস উদ্ধার, আটক ১ 
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের সেন্টমার্টিন ও টেকনাফে পৃথক অভিযান চালিয়ে সাড়ে চার কোটি টাকার ক্রিস্টাল মেথ (আইস), বিয়ার ও বিদেশি মদ উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় টেকনাফের পুরাতন পল্লন পাড়া এলাকায় থেকে তারেক আলম নামে এক ইয়াবা কারবারিকে আটক করা হয়।

সোমবার বিকেলে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, রোববার রাত ১টার দিকে সেন্টমার্টিনের শাহপরী দ্বীপ সংলগ্ন এলাকা এবং টেকনাফ থানার পুরাতন পল্লন পাড়া ও নাইট্যংপাড়ার নাফ নদী সংলগ্ন প্যারাবন এলাকায় পৃথক অভিযান চালান কোস্টগার্ড সদস্যরা।

লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, সেন্টমার্টিনের শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঝাউবন থেকে দুইজন ব্যক্তিকে আসতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে থামার সংকেত দেন কোস্টগার্ড সদস্যরা। এ সময় ঐ দুই ব্যক্তি দ্রুত ঝাউবনের ভেতর পালিয়ে যান। পরে ঝাউবনে অভিযান চালিয়ে ঝোপের ভেতর থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি তল্লাশি করে ৯২৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য চার কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা।

Advertisement

এদিকে টেকনাফ থানার পুরাতন পল্লন পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একজনের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা লোকটিকে থামার সংকেত দেন। লোকটি পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেন। পরে তার হাতে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম তারেক আলম। তিনি টেকনাফের দমদমিয়া এলাকার সৈয়দুল ইসলামের ছেলে।

পাশাপাশি টেকনাফের নাইট্যংপাড়ার নাফ নদী সংলগ্ন প্যারাবন এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি ডিঙি নৌকা নদীর তীরে ভিড়তে দেখা যায়। নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে থামার সংকেত দেন কোস্টগার্ড সদস্যরা। এ সময় নৌকার মাঝি নৌকাটি তীরে রেখে দ্রুত প্যারাবনের মধ্যে পালিয়ে যান। পরে নৌকাটি তল্লাশি করে ২১৩ ক্যান বিয়ার, ৫০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!